কোপিয়াকো, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাসপাতাল থেকে ছাড়া পাওয়া চিলির খনিশ্রমিকরা আটকাবস্থার ব্যাপারে কথা বলতে চাইছেন না।
সাংবাদিকরা আটকাবস্থার দুঃসহ অভিজ্ঞতার কথা জানতে চাইলে ৬৩ বছর বয়সী মারিও গোমেজ বলেন, "আমরা ঐ বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি না।"
একই প্রশ্নের উত্তরে ২৯ বছর বয়সী অ্যারিয়েল তিকোনা বলেন, "এটা গোপন বিষয়, সংরক্ষিত থাকবে।"
গত ৫ আগস্ট চিলির উত্তরাঞ্চলীয় সান হোসে খনি ধসে ভূ-পৃষ্ঠের ২ হাজার ৫০ ফুট গভীরে আটকা পড়েন ৩৩ খনিশ্রমিক। দুই মাসের বেশি সময় আটক থাকার পর গত ১৩ অক্টোবর বুধবার দিনের শেষভাগে তাদের উদ্ধার করা হয়।
পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো মাটির নিচে ৬৯ দিন আটক থাকার পর জীবিত বের হয়ে আসা এ খনিশ্রমিকরা এখন সংবাদ মাধ্যমে আলোচিত চরিত্র।
চিলিতে তাদেরকে দেওয়া হয়েছে জাতীয় বীরের মর্যাদা। তাদের উদ্ধারে উল্লসিত হয়েছে চিলিসহ বিশ্বের কোটি মানুষ।
এর আগে, শুক্রবার সংবাদ মাধ্যমকে এড়াতে চিলির ২৮ খনিশ্রমিককে গোপনে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
উদ্ধারের পর কোপিয়াকোর একটি হাসপাতালে তাদের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা করা হয়।
চিলির স্বাস্থ্য বিভাগের কোপিয়াকো আঞ্চলের প্রধান কর্মকর্তা পাওলা নিউম্যান বলেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া থেকে তাদের ও তাদের পরিবার সদস্যদের রক্ষা করতে ২৮ খনিশ্রমিককে শুক্রবার গোপনে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে।
উদ্ধার করা ৩৩ শ্রমিকের মধ্যে এখন আর মাত্র দুই জন হাসপাতালে আছেন এবং তাদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার দিনের শেষভাগে প্রথম তিন জনকে বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
সংবাদিকদের না জানিয়ে ২৮ শ্রমিককে ছাড়ার কারণ সম্পর্কে নিউম্যান সাংবাদিকদের বলেন, "শ্রমিকদের হয়রানি থেকে রক্ষা করতে সাংবাদিকদের না জানিয়ে মুক্তি দেওয়া হয়েছে। দয়া করে বিষয়টি ব্যক্তিগতভাবে নেবেন না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৮১১ ঘ.
bdnews24