২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগেই জানতো এফবিআই

২০০৮ সালে মুম্বাই হামলার তিন বছর আগেই হুঁশিয়ারি বার্তা পেয়েছিলো যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2010, 05:54 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ওয়াশিংটন, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০০৮ সালে মুম্বাই হামলার তিন বছর আগেই হুঁশিয়ারি বার্তা পেয়েছিলো যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। দ্য ওয়াশিংটন পোস্ট শুক্রবার এ খবর জানিয়েছে। পত্রিকাটি বলছে, নাম প্রকাশে অনিচ্ছুক এফবিআই এর এক কর্মকর্তা বার্তাটি পাওয়ার ব্যাপারে নিশ্চিত করেছেন। তবে তারপর কী পদক্ষেপ নেওয়া হয়েছিলো সে ব্যাপারে তিনি কিছু জানাননি। ২০০৮ সালের ওই হামলায় নিহত ১৬৬ জনের মধ্যে ৬ জন ছিলেন মার্কিন নাগরিক। ভারতের অভিযোগ, মুম্বাই হামলায় পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যেবা জড়িত। ওয়াশিংটন পোস্ট জানায়, এফবিআই এর পাওয়া হুঁশিয়ারি বার্তায় জানানো হয়েছিলো, পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ডেভিড হেডলে ২০০৫ সালে ওই জঙ্গি সংগঠনের হয়ে হামলার সম্ভাব্য স্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করছিলেন। এই কর্মকাণ্ডে হেডলের জড়িত থাকার বিষয়টি তার স্ত্রীর কাছ থেকে জানতে পারে এফবিআই। পারিবারিক কলহের জেরে তিনি ওই তথ্য ফাঁস করে দেন। এফবিআইকে তিনি জানান, হেডলে লস্কর-ই-তৈয়্যেবার সঙ্গে জড়িত এবং পাকিস্তানি শিবিরে প্রশিক্ষণপ্রাপ্ত। হেডলের শৈশব কেটেছে পাকিস্তানে। তার বাবা পাকিস্তানি। ওয়াশিংটন পোস্ট আরো জানিয়েছে, ডেনমার্কের এক সংবাদপত্রে হামলা চালানোর পরিকল্পনার সঙ্গেও হেডলে জড়িত ছিলেন। ওই সংবাদপত্রে ২০০৫ সালে হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়। এক বছর আগে শিকাগোর এক বিমানবন্দর দিয়ে পাকিস্তান যাওয়ার পথে গ্রেপ্তার হন হেডলে। তখন তার কাছে ডেনমার্কের বিভিন্ন স্থাপনার ভিডিওচিত্র পাওয়া যায়। এরপর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ আইনের আওতায় তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয়। সেগুলোর মধ্যে মুম্বাই হামলার সঙ্গে সম্পর্কিত কিছু অভিযোগ গত মার্চে স্বীকার করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এজে/১২৩২ ঘ.