লন্ডন, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উচ্চহারে অবসরভাতা গ্রহণকারী এক লাখ মানুষের অবসরভাতা সঞ্চয়ের ওপর আরোপিত কর ছাড় কমাচ্ছে যুক্তরাজ্য। রেকর্ড বাজেট ঘাটতি কমানোর লক্ষ্যে বছরে ৪শ' কোটি পাউন্ড সংগ্রহে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
যুক্তরাজ্যের ট্রেজারি বিভাগ বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ২০১১ সালের এপ্রিল মাস থেকে অবসরভাতা সঞ্চয়কারীদের সঞ্চয়ের ওপর আরোপিত কর ছাড়ের পরিমাণ কমিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে বার্ষিক ভাতা নেমে আসবে ২ লাখ ৫৫ হাজার পাউন্ড থেকে ৫০ হাজার পাউন্ডে।
বিবৃতিতে বলা হয়, এ নীতিতে বছরে এক লাখ মানুষকে অবসরভাতা সঞ্চয়ের ওপর কর দিতে হবে যাদের ৮০ শতাংশের বছরে আয় এক লাখ পাউন্ডের বেশি।
তাছাড়া ২০১২ সালের এপ্রিল মাস থেকে নাগরিকদের আজীবন (লাইফটাইম) ভাতা ১৮ লাখ পাউন্ড থেকে ১৫ লাখ পাউন্ডে কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।
এ নীতি বাস্তবায়নের মাধ্যমে রেকর্ড বাজেট ঘাটতি কমানোর পরিকল্পনার অংশ হিসেবে বছরে ৪ বিলিয়ন পাউন্ড সঞ্চয় করবে সরকার।
যুক্তরাজ্যের চ্যান্সেলর জর্জ ওসবার্ন আগামী ২০ অক্টোবর সরকারি ব্যয় পর্যালোচনা প্রতিবেদন তুলে ধরবেন।
৪৮১ টি আধা-সায়ত্ত্বশাসিত সংস্থা বন্ধ বা সংস্কার করবে বলে জানিয়েছে সরকার। এতে কয়েক হাজার মানুষ চাকরিচ্যুত হতে পারে।
অহেতুক সরকারি ব্যয় বন্ধ ও বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি বাড়ানোর কথাও ঘোষণা করেছে সরকার।
যুক্তরাজ্যের বর্তমান কনজারভেটিভ ও লিবারেল ডেমোক্র্যাট জোট সরকারের ব্যয় সংকোচ নীতির অংশ হিসেবেই এসব পরিকল্পনা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭০৭ ঘ.
bdnews24