বৈরুত, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------ লেবানন সফরকালে বুধবার বীরোচিত সংবর্ধনা পেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।
একটি খোলা গাড়িতে করে বৈরুত বিমানবন্দর থেকে লেবাননের প্রেসিডেন্টের প্রাসাদ পর্যন্ত যাওয়ার পথে হাজার হাজার শিয়া মুসলিম রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুল ও চাল ছিটিয়ে আহমাদিনেজাদকে সংবর্ধনা জানায়। গাড়ি থেকে হাত নেড়ে এ অভিবাদন গ্রহণ করেন আহমাদিনেজাদ।
ইরানের পতাকা, ব্যানার, বেলুনসহ আহমাদিনেজাদের পোস্টার টাঙানো হয় ওই পথজুড়ে। এমনকি ইরানের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও ইরানে ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমিনির ছবিও টাঙানো হয় রাস্তায়।
প্রেসিডেন্ট প্রাসাদে লেবাননের প্রেসিডেন্ট মিশেল সুলেইমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে আহমাদিনেজাদের। ২০০৫ সালে ক্ষমতা গ্রহণের পর লেবাননে এটিই আহমাদিনেজাদেও প্রথম সফর।
আহমাদিনেজাদের এ সফরের মধ্যে দিয়ে লেবাননের ওপর ইরানের প্রভাব বৃদ্ধি পাচ্ছে এ পশ্চিমা আশঙ্কা আরো জোরদার হলো বলেই মনে করছেন বিশ্লেষকরা।
ওয়াশিংটনে উদ্বেগ সৃষ্টি করেছে আহমাদিনেজাদের এ সফর। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে ইরানকে একঘরে করতে চায় যুক্তরাষ্ট্র। তাদের ভাষ্য, হিজবুল্লাহ জঙ্গিদেরকে সমর্থন দিয়ে ইরান লেবাননের সার্বভৌমত্ব ক্ষুন্ন করছে।
এছাড়া হিজবুল্লাহসহ বিভিন্ন দলের সমন্বয়ে গঠিত লেবাননের জাতীয় সরকারের পশ্চিমাপন্থী রাজনীতিবিদরাও আহমাদিনেজাদের এ সফরকে ভালো চোখে দেখছেন না।
কারণ লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিকি হারিরি হত্যাকাণ্ড তদন্তের ঘটনায় ইতিমধ্যেই জাতীয় সরকারে বিভক্তি দেখা দিয়েছে। এ হত্যাকাণ্ডের জন্য হিজবুল্লাহকে দায়ী করা হয়।
কিন্তু ইরানের বেশিরভাগ শিয়া হিজবুল্লাহকে সমর্থন করার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞ। ২০০৬ সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ৩৪ দিন ব্যাপী চলা যুদ্ধের পর এখন পর্যন্ত দেশটির পুনর্গঠনে সহায়তা করছে ইরান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৮৫০ ঘ.
bdnews24