কোপিয়াপো, চিলি, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চিলির খনিতে আটকে পড়া ৩৩ শ্রমিককে একে একে ক্যাপসুল ফিনিক্সে চড়িয়ে নিরাপদে বের করে আনার কাজ চলছে।
এ পর্যন্ত মোট ১৭ জনকে কোনো ঝামেলা ছাড়াই মাটির নীচ থেকে উপরে তুলে আনা হয়েছে। সবাইকে উদ্ধার করতে বেশ কয়েকঘণ্টা অপেক্ষা করতে হবে। আগামী ৩৬ ঘণ্টায় কিংবা আরো তাড়াতাড়ি সম্ভব হলে এর চেয়েও কম সময়ে ৩৩ জনকেই উদ্ধার করা যাবে বলে ধারণা করা হচ্ছে।
২ মাস ধরে চিলির খনিতে আটকা পড়াদের উদ্ধার প্রক্রিয়ার অবসান ঘটবে শেষ ব্যক্তিটিকে তুলে আনার মধ্য দিয়ে।
উদ্ধারকারীরা বুধবার প্রথমে ৩১ বছর বয়সী ফ্লোরেন্সিও আভালোসকে বাইরে বের করে আনে। প্রায় ৬৯ দিন পর নির্মল বাতাসে শ্বাস নেন আভালোস। এসময় তার আত্মীয় পরিজনেরা উল্লাসে ফেটে পড়েন। তার এই দীর্ঘপ্রতিক্ষীত প্রত্যাবর্তনে ভূপৃষ্ঠে তখন খুশির বন্যা বয়ে গেছে।
আভালোসকে উদ্ধার ক্যাপসুলে চড়িয়ে খনির বাইরে নিয়ে আসার সময় সেখানে চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরাও উপস্থিত ছিলেন। তিনি আভালোসকে জড়িয়ে ধরে অভ্যর্থনা জানান। আর উপস্থিত জনতা তখন 'চিলি', 'চিলি' বলে স্লোগান দিচ্ছিল।
গোটা বিশ্ব টিভি পর্দায় অবলোকন করেছে চিলির ঐতিহাসিক এ উদ্ধার অভিযান। বিপদসংকুল এ উদ্ধার অভিযানে আলোড়িত হয়েছে সারা বিশ্ব।
আভালোসের পর একে একে উঠে এসেছেন ৩৯ বছরের মারিও সেপুলভেডা। দীর্ঘ যন্ত্রণার পাতালবাসের স্মৃতি হিসাবে তিনি নীচ থেকে এক টুকরো পাথর নিয়ে আসেন। মারিও'র এক ঘণ্টা পর উঠে আসেন হুয়ান ইলানেস।
সপ্তম সৌভাগ্যবান হচ্ছেন হোসে ওজদা। আর ক্লউডিও ইয়ানিয়েস হচ্ছেন উদ্ধার পাওয়া অষ্টম খনি শ্রমিক।
চিলির আতাকামা মরুভূমিতে ৫ আগস্ট সান হোসের ছোট একটি স্বর্ণ ও তামা খনি ধসে পড়লে এ খনি শ্রমিকরা আটকা পড়েন।
তখন থেকেই তারা মাটির নীচে বন্দি। শুরুর দিকে তারা জীবীত আছেন কিনা বোঝা যায়নি। ১৭ দিন পর তারা সাড়া দিতে পরায় বোঝা যায় তারা বেঁচে আছেন। শেষ পর্যন্ত অনেক দিনের চেষ্টার পর বুধবার তাদেরকে উদ্ধারঅভিযান শুরু করা সম্ভব হয়।
সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবারই সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/পিডি/২৩৩৮ঘ.
bdnews24