সিউল , অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইলের বড় ছেলে কিম জং-নাম দেশে বংশপরম্পরায় উত্তরাধিকারী নির্বাচনের বিরোধী বলে মন্তব্য করেছেন।
তবে তার বাবার উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত ছোট ভাই এর সাফল্য কামনা করেছেন জং-নাম।
জাপানের আশাহি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে জং-নাম বলেন, ব্যক্তিগতভাবে উত্তর কোরিয়ার নেতা নির্বাচিত হওয়ার কান আগ্রহ আমার নেই। তার এ মন্তব্যে দুই ভাইয়ের মধ্যে ক্ষমতায় বসা নিয়ে কোন দ্বন্দ্ব না থাকারই আভাস মিলেছে। জং-নাম এবং জং-উন সৎ ভাই বলেই ধারণা করা হয়।
উত্তর কোরিয়ার পরবর্তী উত্তকরাধিকারী হিসেবে প্রথমবারের মত কিম জং-উন পিয়ংইয়ং এ এক বিশাল সামরিক প্যারেডে অংশগ্রহণের ঠিক আগের দিন ৯ অক্টোবরে জং-নাম এর সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
সাক্ষাৎকারে জং-নাম বলেন, "ব্যক্তিগতভাবে আমি তৃতীয় প্রজন্মের কাছে বংশপরম্পরায় ক্ষমতা হস্তান্তরের বিরোধী। তবে আমার মনে হয় এখানে অভ্যন্তরীণ কোন বিষয় জড়িত। সেকারণে এ সিদ্ধান্তকে আমাদের সমর্থন জানানো উচিত বলে আমি মনে করি।"
এছাড়া, বাবার কাছ থেকে ক্ষমতা নেওয়ার চেষ্টা করবেন এমন ধারণা নাকচ করে দিয়ে জং-নাম বলেন, "আমি মনে করি বাবা (জং উনকে উত্তরাধিকারী করার) সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে আমার কোনো দুঃখ নেই। আর আমি এতে আগ্রহীও নই। সুতরাং আমার মনে করার কিছু নেই।"
তিনি আরো বলেন, "উত্তর কোরিয়ার জনগণের ভালোর জন্য আমার ছোট ভাই যথাসাধ্য চেষ্টা করুক এই আমার প্রত্যাশা। আর বিদেশে আমি আমার ভাইকে যে কোনো সময় সাহায্য করতে প্রস্তুত। যদি কোনো সময় আমার সাহায্য তার প্রয়োজন হয়।"
ধারণা করা হয়, ২০০১ সালে জাল পাসপোর্ট নিয়ে জাপানে প্রবেশের চেষ্টাকালে ধরা পড়ার পর থেকে কিম জং-ইলের অপছন্দের পাত্র হয়ে পড়েন জং-নাম। তিনি বর্তমানে চীন এবং হংকংয়ের কাছে ম্যাকাউয়ে থাকেন বলে জানিয়েছে বিবিসি।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/বিবি/এলকিউ/১৮৪৯ ঘ.
bdnews24