২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলো পৌঁছেছে সুড়ঙ্গের শেষ প্রান্তে

চিলির খনিতে আটকে পড়া ৩৩ শ্রমিককে বের করে আনতে সোমবার পথ (খনিকূপ) তৈরির কাজ শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 07:36 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

সোপিয়াপো, চিলি, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চিলির খনিতে আটকে পড়া ৩৩ শ্রমিককে বের করে আনতে সোমবার পথ (খনিকূপ) তৈরির কাজ শেষ হয়েছে। এর মধ্য দিয়ে খনিশ্রমিকদের দুই মাসেরও বেশি সময় ধরে ভূ-পৃষ্ঠের ৬ শ' মিটারের বেশি গভীরে আটক অবস্থার অবসান হতে চলেছে। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য ৬২৫ মিটার দৈর্ঘের একটি সুড়ঙ্গ পথ খোঁড়া হয়েছে। সুড়ঙ্গ পথে 'ফোনিক্স' নামের একটি ক্যাপসুল লিফট বসিয়ে শ্রমিকদের একজন একজন করে বের করে আনা হবে। এ ক্যাপসুলকে শক্তিশালী করতে উদ্ধার কর্মীরা মাটির নিচে প্রথম ৩৩০ ফুটে ধাতব পাইপ বসাচ্ছে। সোমবার ভোরের মধ্যে ধাতব পাইপ বসানোর কাজ শেষ হবে বলে আশা করেছেন তারা। বুধবারের মধ্যে খনিশ্রমিকদের বের করে আনার প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে চিলির সরকারের। চিলির খনিমন্ত্রী লরেন্স গোলবোর্ন সাংবাদিকদের বলেন, "সবকিছু ঠিকঠাক চললে মঙ্গলবারও বের করে আনার প্রক্রিয়া শুরু হতে পারে। আর কোনো সমস্যা দেখা দিলে তা বৃহস্পতিবার হতে পারে। আমরা বুধবারের কথা বলেছি। কারণ বিষয়টি কাজ ও সার্বিক পরিস্থিতির অগ্রগতির ওপর নির্ভর করছে।" আটকে পড়া ৩৩ জনকে বের করে আনতে দুই দিনের মতো সময় লাগতে পারে বলেও জানান তিনি। চিলির আতাকামা মরুভূমিতে ৫ আগস্ট সান জোসে নামের ছোট একটি স্বর্ণ ও তামা খনি ধসে পড়লে শ্রমিকরা আটকা পড়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/বিসিএস/২১৫১ ঘ.