বাগদাদ, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি তার নেতৃত্বে জাতীয় ঐক্য সরকারে যোগ দেওয়ার জন্য শনিবার বিরোধীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তবে এ ধরনের জোট গঠন দীর্ঘ সময়ের ব্যাপার বলে পরামর্শ দিয়েছে মালিকির সম্ভাব্য শরিক দলগুলো।
মার্চে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় এখনও পর্যন্ত ইরাকে নতুন সরকার গঠিত হয়নি। সরকার গঠন নিয়ে অচলাবস্থা ইরাকে নতুন করে সাম্প্রদায়িক দাঙ্গা শুরুর আশঙ্কা বাড়িয়ে দিচ্ছিল।
ওদিকে, একটি সমন্বিত সরকার গঠনের জন্য বর্তমান প্রধানমন্ত্রী নূরি আল-মালিকিকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে মালিকি এখনও মার্কিন বিরোধী শিয়া ধর্মীয় নেতা মোকতাদা আল-সদরের দল ছাড়া অন্য কোনো দলের স্পষ্ট সমর্থন পাননি।
এক টেলিভিশন ভাষণে মালিকি জানান, এখন সহনশীলতা দেখানোর সময়।
তিনি আরও বলেন, "নির্দিষ্ট অভিন্ন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আমাদেরকে একসঙ্গে বসে আলোচনা করতে হবে। আর এ উদ্দেশ্য থেকেই আমরা সব দলকে আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি।"
ইরাকি প্রধানমন্ত্রী আরো বলেন, "বাস্তব উপায়ে পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি ও সহনশীলতা এবং অন্যকে অংশীদারিত্বের অধিকার দেওয়া ছাড়া আমরা এ লক্ষ্যে পৌঁছতে পারবো না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৪৭ ঘ.
bdnews24