২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিউকে মুক্তি দেওয়ার আহ্বান ওবামার

শান্তিতে ২০১০ সালের নোবেল পুরস্কারজয়ী চীনের কারাবন্দি মানবাধিকার কর্মী লিউ জিয়াবোকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 04:34 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ওয়াশিংটন, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শান্তিতে ২০১০ সালের নোবেল পুরস্কারজয়ী চীনের কারাবন্দি মানবাধিকার কর্মী লিউ জিয়াবোকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নরওয়ের অসলোতে নোবেল কমিটি শুক্রবার তার নাম ঘোষণা করার পর ওবামা এই আহ্বান জানালেন। প্রসঙ্গত, ২০০৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন ওবামা। শান্তির সঙ্গে মানবাধিকারের ঘনিষ্ঠ যোগসূত্রে বিশ্বাসী নোবেল কমিটি চীনে মৌলিক মানবাধিকারের জন্য লিউ এর দীর্ঘ অহিংস সংগ্রামের কারণে তাকে এ পুরস্কারে ভূষিত করেছে। গত ডিসেম্বরে গণতন্ত্রপন্থী লিউকে ১১ বছরের কারাদণ্ড দেয় চীন সরকার। এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "গত ৩০ বছরে চীন অর্থনৈতিক খাতে নাটকীয় সংস্কার করেছে, মানুষের জীবন-যাত্রায় উন্নয়ন সাধন করেছে। দূর করেছে সেদেশের কোটি কোটি মানুষের দারিদ্র।" ওবামা আরো বলেন, "কিন্তু এই পুরস্কার ঘোষণায় এটাই প্রতীয়মান হয় যে, রাজনৈতিক সংস্কারের পদক্ষেপ যথাযথ হয়নি, যার মূল ভিত্তি, নারী-পুরুষ ও শিশুর অধিকারের প্রতি অবশ্যই সম্মান প্রদর্শন।" চীনে মত প্রকাশের স্বাধীনতার জন্য একটি ম্যানিফেস্টো তৈরিতে সহায়ক ভূমিকা পালন করেন লিউ। এতে চীনে বহুদলীয় গণতান্ত্রিক নির্বাচন আহ্বানসহ মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের দাবিও জানানো হয়। ফলে চীন সরকারের রোষানলে পড়ে কারাবরণ করতে হয় ৫৪ বছর বয়সী লিউকে। ১৯৮৯ সালে চীনে তিয়েনআনমেন স্কয়ারের বিক্ষোভে অন্যতম নেতা ছিলেন লিউ। সে সময়ও কারাদণ্ড এবং গৃহবন্দিত্বের মুখে পড়েন তিনি। নোবেল কমিটি জানিয়েছে, চীন সরকারের এ পদক্ষেপের বিরুদ্ধে বরাবরই জোরকণ্ঠে প্রতিবাদ জানিয়ে আসছেন লিউ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০২১ঘ.