কোয়েটা, পাকিস্তান, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে ন্যাটোর জ্বালানিবাহী ট্যাঙ্কারে হামলা চলছেই। শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জঙ্গিরা কমপক্ষে ৩০ টি ট্যাঙ্কার পুড়িয়ে দেয়। কর্মকর্তাসূত্রে এ খবর জানা গেছে।
এ নিয়ে গত কয়েকদিনে জ্বালানিবাহী ট্যাঙ্কারে চার দফা হামলা চালালো জঙ্গিরা।
গত ৩০ সেপ্টেম্বর ন্যাটোর অ্যাপাচি হেলিকপ্টার হামলায় পাকিস্তানের সেনা নিহত হওয়ার পর ক্ষুদ্ধ পাক কর্তৃপক্ষ আফগানিস্তানে যুদ্ধরত ন্যাটোর সেনাদের জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দেয়।
তারপর থেকেই জঙ্গিরা পাকিস্তানের অভ্যন্তরে ন্যাটোর জ্বালানিবাহী ট্যাঙ্কারগুলোতে হামলা চালানো শুরু করে।
পাকিস্তানি সেনা নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র ক্ষমা চাওয়ার তিনদিনের মাথায় জ্বালানিবাহী ট্যাঙ্কারে এই চতুর্থ দফা হামলা চালানো হলো।
কর্মকর্তারা জানিয়েছে, ২০ জনের একটি সশস্ত্র দল পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর শিবিতে সারিবদ্ধ ভাবে পার্ক করে রাখা জ্বালানিবাহী ট্যাঙ্কারগুলোতে গুলি ছোড়ে।
এতে ৩০টি ট্যাঙ্কার পুড়ে যায়। ট্যাঙ্কারগুলো সীমান্তবর্তী শহর চ্যামান-এ যাওয়ার পথে ছিল।
এর আগে গত বুধবার জঙ্গিরা হামলা চালিয়ে ৪০টির বেশি জ্বালানিবাহী ট্যাঙ্কার আগুনে পুড়িয়ে দেয়। তারও আগে গত শুক্রবার ও সোমবারও ন্যাটোর তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায়।
সর্বশেষ শনিবারের হামলা তারই ধারাবাহিকতা।
৩০ সেপ্টেম্বর ন্যাটোর হেলিকপ্টার হামলায় উল্টরপশ্চিমাঞ্চলীয় খুররম অঞ্চলে পাকিস্তানের সেনা নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র বুধবার আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করে।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত অ্যানে প্যাটারসন একে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে অভিহিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৪৫ঘ.
bdnews24