২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিতে নোবেল: নরওয়ের রাষ্ট্রদূতকে চীনের তলব

কারাবন্দি চীনা মানবাধিকার কর্মী লিউ জিয়াবোর নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তির প্রতিবাদ জানাতে শুক্রবার নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করেছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2010, 03:48 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

অসলো, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কারাবন্দি চীনা মানবাধিকার কর্মী লিউ জিয়াবোর নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তির প্রতিবাদ জানাতে শুক্রবার নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করেছে চীন। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রণালয় একথা জানিয়েছে। চীনের শত ওজর-আপত্তির মুখেও নরওয়ের অসলোতে নোবেল কমিটি শুক্রবার শান্তি পুরস্কারের জন্য চীনা গণতন্ত্রপন্থী লিউ জিয়াবোর নাম ঘোষণা করে। বেইজিং নোবেল কমিটিকে এর প্রতিবাদ জানাতে চায় জানিয়ে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, "তারা (চীন) আনুষ্ঠানিকভাবে তাদের মতামত, বিরোধিতা ও প্রতিবাদ জানাতে চায়।" ওদিকে, জিয়াবোকে নোবেল পুরস্কারে ভূষিত করার এ ঘটনাকে 'ন্যাক্কারজনক' আখ্যা দিয়েছে ক্ষুব্ধ চীন। জিয়াবোর কার্যকলাপ নোবেল শান্তি পুরস্কারের সম্পূর্ণ বিপরীত বলে মন্তব্য করেছে তারা। চীন সরকারের বিরুদ্ধাচরণ এবং রাষ্ট্রক্ষমতা থেকে সরকারকে উৎখাতের লক্ষ্যে চালানো নাশকতার অভিযোগে গত ডিসেম্বর থেকে কারারুদ্ধ হয়ে আছেন জিয়াবো। বহুদলীয় গণতন্ত্র ও মানবাধিকার সম্পর্কিত 'চার্টার-এইট' রচনা করেন তিনি। ১৯৮৯ সালে চীনে তিয়েনআনমেন স্কয়ারের বিক্ষোভে অন্যতম নেতা ছিলেন লিউ। সে সময়ও কারাদণ্ড এবং গৃহবন্দিত্বের মুখে পড়েন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মা ঝাউজু এক বিবৃতিতে বলেছেন, "এটি নোবেল পুরস্কারের ক্ষেত্রে ঘৃণ্য পদক্ষেপ।" তিনি আরো বলেন, "লিউয়ের কার্যক্রম নোবেল পুরস্কারের যে উদ্দেশ্য আছে তার বিপরীত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৮ ঘ.