জোহানেসবার্গ, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নোবেল শান্তি পুরস্কার জয়ী দক্ষিণ আফ্রিকার ধর্মযাজক ডেসমন্ড টুটু তার কর্মজীবন থেকে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন।
কেপটাউনের প্রোটেস্ট্যান্ট চার্চের আর্চবিশপের দায়িত্ব থেকে অবসর নেওয়ার পর টুটু পিস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এবং শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাজনীতিক নেতাদের পরামর্শ দিতেন।
চার্চের প্লাটফর্মকে আফ্রিকার বর্ণবৈষম্য লোপে কার্যকরভাবে ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন টুটু।
গ্রীষ্মকালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফুটবলের আয়োজন করলে টুটু শেষবারের মতো প্রকাশ্যে আসেন। সেসময় তিনি পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর জন্য লোকচক্ষুর অন্তরালে চলে যাওয়ার কথা জানান।
জুলাইয়ে এক সংবাদ সম্মেলনে টুটু বলেন, ৭ অক্টোবর ৭৯ বছরে পড়লে তিনি জনসেবামূলক কাজ থেকে অবসর নেবেন।
তিনি বলেন, "এখন বরং সংবাদ সম্মেলন, রাজনৈতিক সভা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়া বাদ দিয়ে, বিকালে আমার প্রিয়তমা স্ত্রীর সঙ্গে চায়ের কাপে চুমুক দেওয়ার সময়। ক্রিকেট খেলা উপভোগের সময়। ছেলেমেয়ে ও নাতি-নাতনীদের নিয়ে বেড়াতে যাওয়ার সময়।"
টুটুর অবসরে যাওয়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেন, "কয়েক দশক ধরে তিনি নৈতিক মানদণ্ডের একজন প্রতিভূ, সত্য ও ন্যায়ের প্রচারক এবং শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত হিসেবে রয়েছেন।"
ওবামা আরো বলেন, "আমরা তার দূরদর্শী দৃষ্টিভঙ্গি এবং কাজ থেকে বঞ্চিত হবো। তবে তার রেখে যাওয়া দৃষ্টান্ত থেকে শিক্ষা নেবো। আগামী দিনগুলোতে আর্চবিশপ ও তার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১২১৯ঘ.
bdnews24