কোলোনতার, হাঙ্গেরি, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাঙ্গেরিতে অ্যালুমিনিয়াম কারখানা থেকে দুর্ঘটনাবশত বিষাক্ত লাল তরল বর্জ্য ছড়িয়ে পড়ায় স্থানীয় অধিবাসীরা আশাহত হয়ে পড়েছে এবং তাদের মধ্যে এ নিয়ে ক্ষোভ বাড়ছে।
গত সোমবার ঘটা এ দুর্ঘটনায় হাঙ্গেরির কোলোনতার গ্রামের অধিবাসীদের মধ্যে সৃষ্ট শোক বৃহস্পতিবার হঠাৎ করে ক্ষোভে পরিণত হয়েছে।
ছড়িয়ে পড়া এ লাল তরল অ্যালুমিনিয়াম কারখানার বর্জ্য সংরক্ষণাধারে রাখা ছিল। বিশাল এই আধার ভেঙেই ঘটে এ বিপত্তি।
এ বর্জ্য বিষাক্ত। কারণ, এতে আর্সেনিক, ক্রোমিয়াম, ক্যাডমিয়ামের মত মারাত্মক ক্ষতিকর উপাদান ও ভারী ধাতু রয়েছে, যা পরিবেশ দূষণ ঘটাতে পারে।
ন্যাচারাল ডিজাস্টার ইউনিট (এনডিইউ) মঙ্গলবার চারটি গ্রাম ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানায়। এতে ইতোমধ্যেই ৪ জন নিহত ১২০ জন জখম এবং ৩ জন নিখোঁজ হয়েছে।
বিষাক্ত উপাদানের কারণে অনেকেই জ্বালাপোড়া এবং চোখ চুলকানি উপসর্গে ভুগছে।
প্রায় ৭ লাখ কিউবিক মিটার কাদা (২৪ মিলিয়ন কিউবিক ফিট) রাস্তায় ছড়িয়ে পড়ে ভাসিয়ে নিয়ে গেছে গাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সেতু ও ঘরবাড়ি।
গ্রামের চারপাশের কৃষিজমি কাদায় ডুবে গেছে এবং বহু গবাদিপশুও মারা পড়েছে। বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে প্রায় ৫শ মানুষ। ৪০ স্কয়ার কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৫০ ঘ.
bdnews24