২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারী অধিকার রক্ষায় পুরস্কার পেলেন হালিমা বশির

দারফুরের সহিংসতা বিষয়ে কথা বলায় সুদানি সেনাদের গণধর্ষণের শিকার চিকিৎসক হালিমা বশির নারী অধিকার রক্ষার জন্য বুধবার অ্যানা পলিটকস্কাইয়া পুরস্কার পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 07:53 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

লন্ডন, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দারফুরের সহিংসতা বিষয়ে কথা বলায় সুদানি সেনাদের গণধর্ষণের শিকার চিকিৎসক হালিমা বশির নারী অধিকার রক্ষার জন্য বুধবার অ্যানা পলিটকস্কাইয়া পুরস্কার পেয়েছেন। চার বছর আগে মস্কোতে খুন হওয়া রুশ সাংবাদিক অ্যানার স্মরণে প্রতি বছর মানবাধিকার সংস্থা 'রিচ অল উইমেন ইন ওয়ার' এ পুরস্কার দিয়ে থাকে। পুরস্কার প্রদান অনুষ্ঠানের কিছুক্ষণ আগে হালিমা বশির টেলিফোনে রয়টার্সকে বলেন, "আমার ও দারফুরের অন্য নারীদের সঙ্গে যা হয়েছে তা কখনোই ভুলবার নয়। তবে যখন কোনো কিছুতে সুবিচার দেখতে পাই তখন কিছু সময়ের জন্য ওই স্মৃতি ভুলে যাই।" ৩০ বছর বয়সী এ সুদানি নারী বর্তমানে ব্রিটেনে বসবাস করছেন। তিনি আরো বলেন, "সুবিচার তখনই কায়েম হবে যখন অপরাধীরা শাস্তি পাবে, যখন আমাদের দেশে প্রকৃতই শান্তি ফিরে আসবে, বিশ্বের সব বাস্তুহারা ও শরণার্থীরা ঘরে ফিরে যাবে এবং শান্তিতে বাস করবে।" জাতিসংঘের হিসেব মতে, সুদানের বিদ্রোহ দমন অভিযানের কারণে দারফুর অঞ্চলে যে মানবিক সংকট সৃষ্টি হয় তাতে ৩ লাখেরও বেশি মানুষ মারা যায়। ২০০৪ সালে দারফুরে গ্রামাঞ্চলে একটি ক্লিনিকে কাজ করার সময় তিনি একটি বিদ্যালয়ে মিলিশিয়াদের হামলা প্রত্যক্ষ করেন। সুদানি সেনাদের সামনেই আট বছরেরও কম বয়সী মেয়েদের পেটানো হয়, ধর্ষণ করা হয়। তিনি এ ঘটনার কথা জাতিসংঘ কর্মীদের জানালে, সেনাবাহিনী তাকে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে, সিগারেটের আগুনে ছ্যাকা দেয় এবং গণধর্ষণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৪৫ঘ.