২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অরুণাচলে নতুন ভাষা আবিস্কার

ভারতের অরুণাচল প্রদেশে ভাষা বিজ্ঞানীরা প্রায় হারিয়ে যাওয়া 'করো' নামের এক ভাষার খোঁজ পেয়েছেন, যে ভাষায় এখন মাত্র ৮শ মানুষ কথা বলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 02:07 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ওয়াশিংটন, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের অরুণাচল প্রদেশে ভাষা বিজ্ঞানীরা প্রায় হারিয়ে যাওয়া 'করো' নামের এক ভাষার খোঁজ পেয়েছেন, যে ভাষায় এখন মাত্র ৮শ মানুষ কথা বলে। এর আগে ভাষা বিজ্ঞানে এ ভাষাটির অস্তিত্ব ছিলো না। বিলুপ্ত প্রায় ভাষার খোঁজে নিয়োজিত একদল গবেষক মঙ্গলবার একথা জানিয়েছেন। তিব্বত ও মিয়ানমারের কিছু পরিবার এ ভাষায় কথা বলে। গবেষণাটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের অরেগনে অবস্থিত 'লিভিং টাংস ইন্সস্টিটিউটে'র ভাষা বিজ্ঞানী গ্রেগরি এন্ডারসন, পেনসিলভেনিয়ার 'সোয়ার্থমোর কলেজে'র ডেভিড হ্যারিসন এবং ভারতের 'রাচি বিশ্ববিদ্যালয়ে'র গণেশ মুরমু। ন্যাশনাল জিওগ্রাফিকের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ অনুমতি সাপেক্ষে এন্ডারসন, মুরমু ও হ্যারিসন ভূটান ও চীন সীমান্তবর্তী অনরুণাচল প্রদেশে এ গবেষণা চালান। সেখানেই তারা করো ভাষাভাষীদের খুঁজে পান। এন্ডারসন এক বিবৃতিতে বলেছেন, "আমরা এমন কিছু পেয়েছি যা এ ভাষার অস্তিত্ব প্রকাশ করে।" এ ভাষাভাষীরা সবাই বয়স্ক। তিনি আরো বলেছেন, আমরা যদি আর মাত্র দশ বছর পরে এ গবেষণায় নামতাম তবে আজ যাদের পেয়েছি তাদের হয়তো পাওয়া যেতো না। হিমালয় এলাকার অধিবাসীরা আকা ও মিজি নামের পরিচিত দুটি ভাষায় কথা বলে। কিন্তু ভাষা বিজ্ঞানীরা এমন কিছু অপরিচিত শব্দ শুনতে পেয়েছেন যা করো ভাষা থেকে এসেছে। ওই এলাকার অধিবাসীরা শুকর পালন এবং ধান ও যব চাষ করে জীবিকা নির্বাহ করে। হ্যারিসন জানিয়েছেন, আকা ভাষায় শুকরকে বলা হয় 'ভো'। অন্যদিকে, করো ভাষাভাষীরা এ প্রাণীটিকে বলে 'লেলে'। করো ভাষার নিজস্ব ব্যাকরণও রয়েছে। এ গবেষণা কর্মটি নিয়ে ন্যাশনাল জিওগ্রাফিক "দি লাস্ট স্পিকারস" নামে একটি বই প্রকাশ করবে। এ বইয়ে হ্যারিসন লিখেছেন, "করো ভাষা শুনতে 'আকা' ভাষার চেয়ে ভিন্ন। ইংরেজী ও জাপানি ভাষার উচ্চারণে যেমন ফারাক আছে ওই দুই ভাষাতেও তেমনি।" হ্যারিসনের ধারণা, দাস বাণিজ্য থেকে এ ভাষার উৎপত্তি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০২০ ঘ.