জেনেভা , অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-----নাইজেরিয়ার উত্তরাঞ্চলে অবৈধ খনি ব্যবসার ফলে সিসা বিষক্রিয়ায় গত মার্চ মাস থেকে এ পর্যন্ত প্রায় ৪০০ শিশুর মৃত্যু হয়েছে। ঝুঁকির মুখে রয়েছে আরো হাজার হাজার মানুষ।
জাতিসংঘ মঙ্গলবার একথা জানিয়েছে।
এ অঞ্চলের অধিবাসীরা সোনার খোঁজে অবৈধ খনি ব্যবসা চালানোয় এ বিষক্রিয়া দেখা দেয়।
জাতিসংঘের এক মুখপাত্র বলেছেন, 'দ্য ডাচ আর্ম অব মেডিসিনস সানস ফ্রনটিয়ারস' (এমএসএফ) এর প্রতিবেদনে দেখা গেছে, গত জুন থেকে সিসা বিষক্রিয়ায় মৃতের সংখ্যা ১৬০ থেকে বেড়ে প্রায় ৪০০ জন হয়েছে। এয়াড়া, চারটি ক্লিনিকে আরো ৫০০ শিশুর চিকিৎসা চলছে।
বিষক্রিয়ায় অসুস্থদের বেশিরভাগ শিশুর বয়সই পাঁচের নিচে বলে জানান তিনি।
জাতিসংঘের কোর্ডিনেশন অব হিউম্যানেটেরিয়ান এ্যাফেয়ার্স এর জাতিসংঘ কার্যালয়ের মুখপাত্র এলিজাবেথ বায়িরস বলেছেন, জাম্ফারা প্রদেশের সিসা দূষণ ও বিষক্রিয়া মাত্রা ছাড়িয়ে গেছে।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আরো হাজার হাজার মানুষ বিষক্রিয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় জরুরি ও সমন্বিত সাহায্য প্রয়োজন।
নাইজেরিয়া সরকারের অনুরোধে জাতিসংঘের এক পরিস্থিতি মূল্যায়ন কমিশন ঐ এলাকার পাঁচটি গ্রামের মধ্যে চারটি গ্রামের সরবরাহকৃত পানি পরীক্ষা করে দেখেছে উচ্চ মাত্রার সিসার উপস্থিতির কারণে পানি দূষিত হয়ে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২০৪০ ঘ.
bdnews24