২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পর্কোন্নয়নে সম্মত চীন ও জাপান

ব্রাসেলসে এশীয়-ইউরোপ সম্মেলনে সোমবার এক বৈঠকে মিলিত হন চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও ও জাপানি প্রধানমন্ত্রী নাওতো কান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 07:09 AM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ব্রাসেলস, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রাসেলসে এশীয়-ইউরোপ সম্মেলনে সোমবার এক বৈঠকে মিলিত হন চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও ও জাপানি প্রধানমন্ত্রী নাওতো কান। বৈঠকে তারা সম্পর্কোন্নয়নের জন্য উচ্চ পর্যায়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন। গতমাসে পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ সমুদ্রসীমায় দুই দেশের নৌযানের মধ্যে সংঘর্ষের ফলে উত্তেজনার সৃষ্টি হয়। এরপর এটাই ওই দু'রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের মধ্যে প্রথম বৈঠক। সম্মেলনের নৈশভোজের পর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ২৫ মিনিটের মুখোমুখি বৈঠক হয়। বৈঠক শেষে জাপানি প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, "আমরা উভয়েই বলেছি এ পরিস্থিতি আমাদের কাম্য নয় এবং আমাদের জন্য লাভজনক কৌশলগত সম্পর্ককে উন্নত করতে আলোচনায় ফেরার বিষয়েও একমত হয়েছি।" তবে এ আলোচনা কবে কোথায় শুরু হবে এবং এতে কারা অংশ নেবেন সে বিষয়টি জানাননি কান। গত ৭ সেপ্টেম্বর পূর্ব চীন সাগরে বিরোধপূর্ণ সমুদ্র সীমায় চীনা মাছ ধরার ট্রলারের সঙ্গে জাপানি উপকূল রক্ষী জাহাজের সংঘর্ষ হলে ট্রলারের ক্যাপ্টেনসহ ক্রুদের আটক করে জাপান। পরে সবাইকে ছেড়ে দিলেও এঘটনায় ক্ষতিপূরণসহ জাপানকে ক্ষমা চাইতে বলে চীন। তবে চীনের এ দাবি নাকচ করে দেয় জাপান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩০০ঘ.