কুইটো, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---পুলিশ বিদ্রোহের পর সেনাবাহিনীর বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইকুয়েডর। আর এ খাতে বছরে তাদের বাড়তি তিন কোটি ৫০ লাখ ডলার গুণতে হবে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার একথা জনিয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী জাভিয়ের পোন্স বলেন, প্রেসিডেন্ট কোরেয়াকে অবরোধ করার দু'দিন পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনা কর্মকর্তাদের বেতন বছরে তিন থেকে সাড়ে তিন কোটি ডলার বাড়ানো হবে বলে তিনি জানান।
ইকুয়েডরে ব্যয় সংকোচনের অংশ হিসেবে পুলিশের উৎসব ভাতা ও পদোন্নতি বন্ধের বিধান থাকায় বৃহস্পতিবার ক্ষুব্ধ হয়ে বিদ্রোহ করে পুলিশ বাহিনী। তারা প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়াকেও অবরুদ্ধ করে।
পরে সেনা সহায়তায় উদ্ধার পান কোরেয়া।
নতুন এ বেতন কাঠামোয় সেনাবাহিনীর ক্যাপ্টেন, মেজর এবং অন্য দুই পদমর্যাদার কর্মকর্তাদের বেতন বাড়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
তবে সেনা কর্মকর্তাদের বেতন বাড়ানোর সঙ্গে প্রেসিডেন্টকে উদ্ধার অভিযানের সম্পর্ক রয়েছে বলে মনে করছেন ইকুয়েডরের জনগণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১২২০ঘ.
bdnews24