কাঠমুন্ডু, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বে যুক্তরাষ্ট্র ও চীনের পর তৃতীয় সর্বোচ্চ কার্বন নির্গমনকারী দেশ এখন ভারত।
ভারতের পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ সোমবার একথা বলেছেন।
চীনের উত্তরাঞ্চলে অবস্থিত বন্দর নগরী তিয়ানজিনে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনো আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি। আর কার্বন নির্গমন বেড়ে চীন ও যুক্তরাষ্ট্রের পরবর্তী অবস্থানে পৌঁছেছে ভারত।
জলবায়ু সম্মেলনে প্রায় ২০০ টি দেশ অংশ নিয়েছে। ২০১২ সালে কিয়েটো প্রটোকলের মেয়াদ শেষ হলে জলবায়ু বিষয়ক কোন চুক্তি মেনে চলা হবে তা নির্ধারণ করতেই চলছে এ সম্মেলন। বর্তমানে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধান চুক্তি কিয়েটো প্রটোকল।
ভারতে মাথাপিছু কার্বন নির্গমনের হার এখনো কম। কিন্তু মধ্যবিত্ত শ্রেণী আরো গাড়ি, বাড়ি ও টেলিভিশন কিনতে থাকায় জ্বালানির চাহিদা বেড়ে চলেছে।
আর এ জ্বালানির বেশির ভাগেরই যোগান আসে কয়লা, গ্যাস ও তেল থেকে। আর এগুলোই বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কার্বন ডাইঅক্সাইডের উৎসমূল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৩৬ ঘ.
bdnews24