বেইত ফাজ্জার, পশ্চিম তীর, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পশ্চিম তীরে ইসরায়েলি বসতির ইহুদিরা সোমবার একটি মসজিদে আগুন দিয়েছে। ফিলিস্তিনিরা এ অভিযোগ করেছে।
বেথলেহেমের কাছে বেইত ফাজ্জার গ্রামের মিউনিসিপ্যাল কাউন্সিলের কর্মকর্তা আলি থয়াবতি জানিয়েছেন, আগুনে ১৫ টি কোরান ও মসজিদের কার্পেট পুড়ে গেছে।
তিনি আরো জানান, স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনে।
ইহুদি বসতিস্থাপন নিয়ে বিরোধে থমকে গেছে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা। যুক্তরাষ্ট্র এ পরিস্থিতি কাটিয়ে উঠে আবারো আলোচনা শুরু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ইহুদিদের মসজিদ পোড়ানোর এ ঘটনা ঘটলো।
ফিলিস্তিনিরা বলছে, হামলার পেছনে রয়েছে ইহুদিরা।
কেরোসিন ঢেলে মসজিদে আগুন দেওয়া হয়। সবুজ কার্পেটে ঢাকা মসজিদের মেঝে পুড়ে বেশ কয়েক জায়গায় কালো স্তর পড়ে গেছে। হামলাকারীরা মসজিদের দেয়ালে হিব্র" ভাষায় হুমকি দিয়ে গেছে।
অধিকৃত পশ্চিম তীরে এ নিয়ে ৪ বার মসজিদ পোড়ানোর ঘটনা ঘটলো।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা বেইত ফাজ্জারের ঘটনাটি তদন্ত করে দেখছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৯ ঘ.
bdnews24