লন্ডন, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল এবার সঙ্গীতের জগতেও সফলতার স্বীকৃতি পেলেন।
ব্রিটেনের কোনো প্রধানমন্ত্রী হিসেবে রোববার তিনিই প্রথমবারের মতো 'ব্রিটিশ পপ চার্ট' তালিকায় জায়গা পেলেন।
যুদ্ধের ৭০ বছরপূর্তি উপলক্ষে ব্রিটেনের 'রয়েল এয়ার ফোর্স'র (আরএএফ) মূল ব্যান্ড দল ১৯৪০ সালে দেওয়া চার্চিলের কিছু বিখ্যাত বক্তব্য নিয়ে 'রিচ ফর দ্য স্কাইজ' অ্যালবাম বের করে।
১৯৪০ সালে জার্মান ও ব্রিটেনের বিমান বাহিনীর মধ্যে ভয়াবহ যুদ্ধ হয়।
মুক্তি পাওয়ার সাত দিনের মাথায় অ্যালবামটি 'ব্রিটিশ পপ চার্ট' তালিকার চার নম্বরে চলে আসে।
ব্রিটিশ পপ চার্টের মহাব্যবস্থাপক মার্টিন ট্যালবোট বলেন, "এটি একটি বিশাল ঘটনা যে, এ তালিকায় এলভিস, ম্যাডোনা, ক্লিফ ও বিটলসের সঙ্গে এবার আমরা উইনস্টোন চার্চিলের নামও যোগ করতে পারবো।"
তিনি আরো বলেন, "আমাদের নেতাদের অবিশ্বাস্য ত্যাগ স্বীকারের প্রতি শ্রদ্ধা দেখানোর অংশ হিসেবেও এতো বেশি সংখ্যক ব্রিটিশ নাগরিক আরএএফ'র এ অ্যালবামটি কিনেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১২৪০ঘ.
bdnews24