কুইটো, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পুলিশ বিদ্রোহ উস্কে দেওয়া কৃচ্ছতা আইন সংশোধন করার পরিকল্পনা করেছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া। শনিবার এক মন্ত্রী একথা জানিয়েছেন।
ওই আইনে ইকুয়েডরে ব্যয় সংকচোনের অংশ হিসেবে পুলিশের উৎসব ভাতা ও পদোন্নতি বন্ধের বিধান থাকায় বৃহস্পতিবার ক্ষুব্ধ হয়ে বিদ্রোহ করে পুলিশ বাহিনী। তারা রাফায়েল কোরেয়াকেও আটক করে।
পরে তাদের কবল থেকে প্রেসিডেন্ট কোরেয়াকে উদ্ধার করে সেনাবাহিনী।
ইকুয়েডরের ঊর্ধ্বতন পরিকল্পনা মন্ত্রী ডোরিস সোলিজ জানান, আইনটির যে ধারার কারণে এ বিদ্রোহ হয়েছে সেটি পুনর্লিখন করা হবে। তাছাড়া, কোরেয়া এখন পার্লামেন্ট ভেঙে দেবেন না বলেও জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার কংগ্রেস ভেঙে দেওয়ার কথা জানিয়েছিলেন কোরেয়া। কংগ্রেস ভেঙে দিয়ে নতুন নির্বাচনের আহ্বান করে কোয়েরা আইনি অচলাবস্থা এড়িয়ে ক্ষমতা আরো সুসংহত করার কৌশল নিতে চেয়েছিলেন বলেই অনেকের ধারণা।
দোরিস সোলিজ রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "তাৎক্ষণিক পরিস্থিতির সঙ্গে এ পদক্ষেপের সম্পর্ক নেই।"
তিনি আরো জানান, আইনটিতে বড় ধরনের কোনো পরিবর্তন না করে পুনর্লিখনের মাধ্যমে এটি আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করার পরিকল্পনা করেছে সরকার। তবে কংগ্রেস এতে বাধা দিলে ডিক্রির জারি সম্ভাবনা নাকচ না করে তিনি বলেন, "বিকল্প পথ আছে। এর কোনো সময়সীমা নেই।"
শনিবার কুইটোর জীবন স্বাভাবিক হয়ে আসলেও কড়া নিরাপত্তা বহাল রয়েছে। প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে সেনা প্রহরা রয়েছে।
এয়াড়া, অভ্যুত্থানকারী পুলিশদের শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট কোরেয়া। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে বিরোধীদের জড়িত থাকার বিষয়টি তদন্তের কথা জানিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৪৮ ঘ.
bdnews24