সা পাওলো, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে রোববার ভোটগ্রহণ শুরু হয়েছে। এতে ক্ষমতাসীন দলের প্রার্থী দিলমা রৌসেফই জয়ী হবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।
রৌসেফ প্রেসিডেন্ট লূইজ ইনাসিও লুলা ডি সিলভার সাবেক চীফ অব স্টাফ। শনিবার নির্বাচনপূর্ব দুটো জরিপের ফলে রৌসেফের এগিয়ে থাকার ব্যবধান কমে আসায় নির্বাচন দ্বীতিয় দফায় গড়াতে পারে বলে মনে করা হচ্ছিল।
২য় দফা নির্বাচন এড়াতে গেলে রৌসেফের ৫০ শতাংশ ভোটের প্রয়োজন পড়বে। নির্বাচনে তিনি প্রয়োজনীয় সংখ্যক ভোট পাবেন বলেই মনে করা হচ্ছে।
রোববার ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগে আইবোপ জরিপ ফার্ম পরিচালিত দুটি জরিপের ফল প্রকাশিত হয়।
এতে দেখা যায়, বর্তমান প্রেসিডেন্ট লুলার সাবেক চীফ অব স্টাফ রৌসেফ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ৫১ শতাংশের চেয়ে ৪ শতাংশ ভোট কম পেয়েছেন।
অন্যদিকে, জরিপকারী সংস্থা ডাটাফোলহার ফলে দেখা যায়, রৌসেফের সমর্থন ৫২ শতাংশ থেকে কমে ৫০ শতাংশে নেমে এসেছে।
একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে ৩১ অক্টোবর বিরোধী প্রার্থী সাও পাওলোর সাবেক গভর্নর হোসে সেরার সঙ্গে দ্বিতীয় দফা নির্বাচনে অবতীর্ণ হতে হবে রৌসেফকে।
কিন্তু বিশ্লেষকরা বলছেন, ব্রাজিলের উদীয়মান অর্থনীতির কারণে লুলার ব্যাপক জনসমর্থনের সুবাদে রৌসেফ জোরেশোরে প্রচারাভিযান চালিয়েছেন।
তার সম্পর্কে লুলা বলেন, "বেশির ভাগ মানুষই চায় এ সরকার থাকুক। আর সে কারণেই দিলমা নির্বাচনে জিতবে--এ আমার বিশ্বাস।"
নির্বাচনে জয়ী হলে রৌসেফই হবেন ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬০১ ঘ.
bdnews24