বাগদাদ, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নুরি আল মালিকিকে ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার সমর্থন জানিয়েছে শিয়া জোট।
সরকার গঠন নিয়ে কয়েকমাস ধরে চলা বিতর্কের পর এ সমর্থন আদায়ে সক্ষম হলেও দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে মালিকিকে এখনো অনেক সমস্যা মোকাবিলা করতে হচ্ছে।
মার্কিন বিরোধী শিয়া নেতা মুকতাদা আল সদরের রাজনৈতিক আন্দোলনের সমর্থন নিয়েই মনোনয়ন পান মালিকি।
এর আগে সদরের দল মালিকির দ্বিতীয় দফা প্রধানমন্ত্রী হওয়ার বিরোধিতা করেছিল।
গত ৭ মার্চ নির্বাচনের পর দেশটিতে সরকার গঠন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, শিয়া জোট 'ইরাকি ন্যাশনাল অ্যালায়েন্স' (আইএনএ) ও মালিকির নেতৃত্বাধীন 'স্টেট অব ল কোয়ালিশন' এর এই সিদ্ধান্তের পর তার অবসান হতে যাচ্ছে।
ওই নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আট মাসেও দেশটিতে নতুন সরকার গঠিত হয়নি।
জোট নেতাদের সঙ্গে এক বৈঠকের পর আইএনএ'র আইনপ্রণেতা ফালিহ আল ফায়াদ এক সংবাদ সম্মেলনে বলেন, "রাজনৈতিক ব্লকগুলোর সঙ্গে আলোচনার পর সবাই নুরি আল-মালিকিকে প্রধানমন্ত্রী করতে রাজী হয়েছে।"
তিনি আরো বলেন, "এ মনোনয়নের মাধ্যমে আমরা ইরাকি জনগণকে প্রতিশ্র"তি দিচ্ছি যে অতীতের সব বাধা দূর করে ইরাক গঠন করবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২৩৬ঘ.
bdnews24