কোপিয়াপো, চিলি. অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চলতি মাসেই উদ্ধার হতে পারেন চিলির খনিতে আটকে পড়া ৩৩ শ্রমিক। চিলির খনিমন্ত্রী লরেন্স গোলবোর্ন শুক্রবার এ খবর জানিয়েছেন।
ভূ-পৃষ্ঠ থেকে ২ হাজার ৩শ' ফুট গভীরে গত ৫ অগাস্ট থেকে এই ৩৩ খনিশ্রমিক আটকা পড়েন। গোলবোর্ন জানান, "অক্টোবরের দ্বিতীয় ভাগে তাদের উদ্ধার করার সম্ভাবনা রয়েছে।"
সুরঙ্গ তৈরির এই অগ্রগতি ধারণা করা সময় থেকে বেশি। ইতোপূর্বে বলা হয়েছিল নভেম্বরের আগে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের সম্ভাবনা নেই। তবে এখন মনে হচ্ছে চলতি মাসেই তাদের উদ্ধার করা সম্ভব হবে।
উদ্ধারকারীরা শ্রমিকদের ভূ-অভ্যন্তর থেকে উপরে তুলে নিতে আসতে ধাতব খাঁচা ব্যবহার করবে। খাঁচাটির নকশা করেছে চিলির নৌবাহিনী।
এরমাধ্যমে প্রতিযাত্রায় আটকে পড়াদের একজন একজন করে উপরে তুলে আনা হবে। চিকিৎসকরা জানিয়েছেন, ভূ-পৃষ্ঠে আসার জন্য শ্রমিকরা ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে।
এর আগে আটকে পড়া শ্রমিকরা ভূপৃষ্ঠের উপরিভাগে তাদের উদ্ধার তৎপরতায় নিয়োজিতদের ধন্যবাদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৪৫ঘ.
bdnews24