পেটারুকান, ইন্দোনেশিয়া, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইন্দোনেশিয়ার জাভায় শনিবার ভোরে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা রয়টার্সকে এ খবর জানান।
স্থানীয় টেলিভিশনের ভিডিওচিত্রে দেখা যায় ট্রেনের বেশ কয়েকটি বগি উল্টে পড়ে আছে। সেগুলোর মধ্যে কয়েকটি মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছে।
উদ্ধারকর্মী ও পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিহতের সংখ্যা ২২ থেকে ২৩ জন বলে দাবি করে অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছেন। তবে স্থানীয় সংবাদ সংস্থা অন্তরা বলছে, এ দুর্ঘটনায় ৩৩ জন নিহত হয়েছেন।
জাভার উত্তর উপকূলীয় পেমালাঙ্গ এর পেটারুকান স্টেশনে স্থানীয় সময় ভোর ২ টা ৪৫ মিনিটে এই ট্রেন দুর্ঘটনা ঘটে।
ইন্দোনেশিয়ার জাতীয় রেলওয়ের মুখপাত্র সুজেঙ্গ প্রিয়নো বলেন, "আর্গো ব্রোমো অ্যাংরেক ট্রেনটি জাকার্তা থেকে পূর্ব জাভার প্রাদেশিক রাজধানী সুরাবেয়ায় যাচ্ছিল। পথে পেটারুকান স্টেশনে আগে থেকে দাঁড়িয়ে থাকা সেনজা উতামা ট্রেনটিকে আর্গো ব্রোমো অ্যাংরেক ট্রেনটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।"
তিনি জানান, আর্গো ব্রোমো অ্যাংরেক ট্রেনটিকে স্টেশনে ঢোকার অনুমতি দেওয়া হয়নি কিন্তু তারপরও সেটি প্রবেশ করে।
তিনি আরো বলেন, "বিষয়টি এখনো তদন্তাধীন। অন্য কোনো কারণও থাকতে পারে।"
স্থানীয় উদ্ধারকারী ইউনিটের প্রধান হেঙ্গকাই সুসিলো হাদি রয়টার্সকে জানান, দুর্ঘটনায় ২২ জন নিহত ১৯ জন মারাত্মক আহত হয়েছেন।
তিনি আরো বলেন, "আহত কেউ কেউ দুর্ঘটনা কবলিত বগির ভেতরে আটকে থাকার সম্ভাবনাও রয়েছে।"
সড়ক, বিদ্যুৎ, রেল এবং বিমানবন্দর প্রভৃতির উন্নয়ন ও সংস্কারসহ ভৌত অবকাঠামোগত উন্নয়নের জন্য ইন্দোনেশিয়ার প্রচুর অর্থ ব্যয় করা প্রয়োজন।
১৯৯৭-৯৮ সাল থেকে এশিয়ার অর্থনৈতিক সমস্যার কারণে ভৌথ অবকাঠামোগত উন্নয়ন খাতে বিনিয়োগ যথাযথ মাত্রায় হয়নি। ফলে পরিবহন খাতে বেশ কয়েকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। পাশাপাশি এতে অর্থনৈতিক উন্নয়নও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০০০ঘ.
bdnews24