লন্ডন, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফ শুক্রবার নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব নিয়ে রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়েছেন।
পাকিস্তানে দুর্নীতি মোকাবেলা, নাজুক অর্থনীতি পুনরুদ্ধার এবং জঙ্গিদের বিরুদ্ধে লড়াই জোরদার করতে তিনি রাজনীতিতে ফিরবেন বলে জানান।
পাকিস্তানে নির্বাচনে হেরে ২০০৮ সালে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর থেকে মুশাররফ লন্ডনে আছেন। সেখানে 'অল পাকিস্তান মুসলিম লীগ' নামে নতুন রাজনৈতিক দল চালু করছেন তিনি।
শুক্রবার থেকেই মুশাররফের এ নতুন দলের সূচনা করার কথা জানিয়েছে বিবিসি।
বিবিসি বেতারে মুশাররফ বলেছেন, "পাকিস্তান সরকার অকার্যকর হয়ে পড়েছে। দেশ, অর্থনীতি অধঃপতনের দিকে যাচ্ছে। এ অবস্থায় দেশের হাল ধরার জন্য জনগণের কাছ থেকে সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি হয়েছে।"
তিনি আরো বলেন, "পাকিস্তানে হতাশা, নৈরাশ্য বাড়ছে। আমরা পাকিস্তানকে ভেঙে পড়তে দিতে পারি না। তাহলে দেশ বাঁচাবে কে? আর কেউ না, সেনাবাহিনীই একাজ করতে পারে।"
পাকিস্তানকে সঙ্কটমুক্ত করতে মুশাররফ এ বছরের শুরুতেই নতুন দল গঠনের ঘোষণা দিয়ে কাজে নেমে পড়েন।
বিবিসি জানায়, নতুন দলের যাত্রা শুরু করতে মুশাররফের কয়েকজন সহযোগী লন্ডনে গেছেন।
মুশাররফ বলেন, তিনি লন্ডনে দলের যাত্রা শুরু করছেন, কারণ পাকিস্তানে ফিরলে তাকে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা আছে। অতীতে কয়েকবারই হত্যাপ্রচেষ্টা থেকে প্রাণে বেঁচেছেন মুশাররফ।
পাকিস্তানে হত্যাকাণ্ডের মুখে পড়ার আশঙ্কার কথা বললেও মুশাররফ দেশে ফিরলে দেশোদ্রোহীতার অভিযোগে গ্রেপ্তারের মুখে পড়ার সম্ভাবনা অস্বীকার করেছেন।
কোনোরকম অভিযোগের কথা অস্বীকার করে তিনি বলেন, "আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কেউ এমনটি ভেবে থাকলে সে আসল ব্যাপারটি জানে না। পাকিস্তানে ফেরার অন্য বিপদ আছে।"
কখন পাকিস্তানে ফিরবেন জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আগামী নির্বাচনের আগেই তিনি দেশে ফিরতে চান। ২০১৩ সালে এ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
তিনি বলেন, "আমি ২০১৩ সাল পর্যন্ত অপেক্ষা করতে পারি না। রাজনৈতিকভাবে আমি যত সংঘবদ্ধ হবো ততই আমার দেশে ফেরার পট প্রস্তুত হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২২২১ ঘ.
bdnews24