২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় শরৎ ফনসেকার কারাদণ্ডাদেশ বহাল

শ্রীলঙ্কার সাবেক সেনা প্রধান শরৎ ফনসেকার বিরুদ্ধে সামরিক আদালতের ৩০ মাসের সশ্রম কারাদণ্ডের রায় বহাল রেখেছেন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। এতে করে ফনসেকা পার্লামেন্টে তার আসন হারাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2010, 10:38 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

কলোম্বো, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----শ্রীলঙ্কার সাবেক সেনা প্রধান শরৎ ফনসেকার বিরুদ্ধে সামরিক আদালতের ৩০ মাসের সশ্রম কারাদণ্ডের রায় বহাল রেখেছেন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। এতে করে ফনসেকা পার্লামেন্টে তার আসন হারাবেন। মন্ত্রিসভার মুখপাত্র গণমাধ্যমমন্ত্রী কেহেলিয়া রমবুকওয়েলা বলেন, কোর্ট মার্শালে ফনসেকার ৩০ মাসের সশ্রম কারাদণ্ডের রায় অনুমোদন করেছেন প্রেসিডেন্ট। সংবিধানের আওতায় ফনসেকা পার্লামেন্ট আসন হারাবেন। তাকে নৌ বাহিনীর সদরদপ্তর থেকে বেসামরিক কারাগারে নেওয়া হবে বলেও জানান তিনি। শ্রীলংকায় দুর্নীতির অভিযোগে গত ১৭ সেপ্টেম্বর ফনসেকাকে দোষী সাব্যস্ত করে আড়াই বছরের কারাদণ্ডের রায় দেয় আদালত। এর আগের মাসে সেনাবাহিনীতে থাকা অবস্থায় রাজনীতিতে জড়িত থাকার অভিযোগে একই ধরনের একটি কোর্ট মার্শালে ফনসেকা দোষী সাব্যস্ত হন। ফলে ফনসেকার চারতারকা বিশিষ্ট জেনারেলের পদমর্যাদা কেড়ে নেওয়া হয়। ফনসেকাই গত বছর মে মাসে বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগারদের বিরুদ্ধে লড়াইয়ে সেনাবাহিনীর জয় ছিনিয়ে এনেছিলেন। পরে তামিল টাইগারদের বিরুদ্ধে লড়াই জয়ের কৃতিত্ব দাবি এবং নির্বাচনে দাঁড়ানো নিয়ে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন তিনি। জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপাকসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়িয়ে ফনসেকা পরাজিত হন। এরপর সেনা অভ্যুত্থানের ষড়যন্ত্রের সন্দেহে ৮ ফেব্র"য়ারিতে ফনসেকাকে গ্রেপ্তার করে শ্রীলংকা সরকার। শ্রীলংকার মেডিয়া সেন্টার ফর ন্যাশনাল সিকিউরিটির মহাপরিচালক লক্ষণ হুলুগাল্লা বলেছেন, "ফনসেকা সব অভিযোগেই দোষী সাব্যস্ত হয়েছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৩২ ঘ.