বেজিং, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- চীনের সিচুয়ান প্রদেশে রোববার ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। সিনহুয়া বার্তা সংস্থা একথা জানিয়েছে।
চংপিং এবং চেংডুর মধ্যবর্তী স্থান ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্পে ১০০ টিরও বেশি বাড়ি ভেঙে পড়েছে।
সিচুয়ানের প্রাদেশিক ভূমিকম্প বিভাগ জানিয়েছে সুইনিং নগরীর মোক্সি শহরের তিনটি গ্রামে হতাহতের খবর পাওয়া গেছে। আর সুইনিংয়ের কাছাকাছি তংনান কাউন্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪ হাজার ৭০০ বাড়ি।
সিনহুয়া জানায়, এতে অর্থনৈতিক ক্ষতি হয়েছে অন্ততপক্ষে ৩০ মিলিয়ন ইউয়ান (৪ দশমিক ৫ মিলিয়ন ডলার)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩৮ ঘ.
bdnews24