আদ্দিস আবাবা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্পে বিধ্বস্ত হাইতির গৃহহীন মানুষদের পুনর্বাসনে আফ্রিকায় জায়গা-জমি দেওয়ার সেনেগালের প্রস্তাব ভেবে দেখতে রাজি হয়েছে আফ্রিকান ইউনিয়ন। একইসঙ্গে দুর্গতদের জন্য আফ্রিকায় একটি রাজ্যও তৈরি করে দেওয়ার সম্ভাবনা ভেবে দেখবে তারা।
রোববার সেনেগালের ওই প্রস্তাব ভেবে দেখতে রাজি হয় আফ্রিকান ইউনিয়ন (এইউ)।
ধারণাটি প্রথম আসে সেনেগালের প্রেসিডেন্ট আব্দুলায়ে ওয়াদের মাথায়। তিনি জানান, ইতিহাস বলে, হাইতির নাগরিকরা আফ্রিকার দাসদেরই বংশধর। তাই তাদের অধিকার আছে আফ্রিকা মহাদেশে নতুন জীবন শুরু করার।
এইউ এর চেয়ারম্যান জিন পিং আদ্দিস আবাবায় এইউ এর বার্ষিক সম্মেলনে আফ্রিকান নেতাদের বলেন, সম্মেলনে তিনদিন ধরে বিষয়টি আলোচনা করবেন তারা। এইউ হাইতির জনগণের জন্য আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকে একটি একাউন্টও খুলেছে বলে জানান তিনি।
পিং বলেন, "হাইতি বিপর্যয়ে বিধ্বস্ত হওয়ার পর যারা ফিরে আসতে চায় তাদের জন আফ্রিকায় ফিরে আসার পরিবেশ তৈরি করে দেওয়ার সেনেগালের প্রেসিডেন্ট আব্দুল্লায়ে ওয়াদের প্রস্তাবটি স্মৃতি, সংহতি ও কতর্ব্যবোধ থেকে আমরা বিবেচনা করতে পারি।"
ওয়াদে বলেন, হাইতির কেউ আফ্রিকায় নতুন নাগরিকত্ব নিতে আগ্রহী হলে সেনেগাল এবং অন্যান্য আফ্রিকান দেশের উচিত স্বাভাবিকভাবে তাকে গ্রহণ করা। তিনি হাইতির ভূমিকম্পে এতিম হওয়া শিশুদের গণহারে দত্তক নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ১২ জানুয়ারি এক প্রলয়ঙ্করী ভূমিকম্পে ক্যারিবীয় দ্বীপ হাইতির প্রায় ২ লাখ মানুষ মারা যায় এবং আহত হয় আরও ৩০ লাখ। আশ্রয়হীন হয় অগণিত মানুষ।
ঊনিশ শতকে যুক্তরাষ্ট্রের মুক্তি পাওয়া দাসরা লাইবেরিয়া গঠন করে। ওই স্মৃতি স্মরণেই হাইতিবাসীর জন্য আফ্রিকায় নতুন রাজ্য তৈরির প্রস্তাব এসেছে।
১৯৯৯ সালের গৃহযুদ্ধের ক্ষত কাটিয়ে উঠতে থাকা পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় বর্তমানে বেশ কিছু তেল ক্ষেত্র আবি
bdnews24