জাতিসংঘ, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইলান্ডে গত মাসে আটক অস্ত্র বোঝাই বিমানটি ইরান যাচ্ছিল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো থাই সরকারের এক গোপন প্রতিবেদনে একথা বলা হয়েছে।
ডিসেম্বরে ব্যাংকক বিমানবন্দরে জরুরি অবতরণের পর ৩৫ টনেরও বেশি অস্ত্র বোঝাই বিমানটি আটক ও এর পাঁচ ক্রুকে গ্রেপ্তার করে থাইল্যান্ড। বিমানটি উত্তর কোরিয়া থেকে এসেছে বলেও তারা জানায়।
নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা কমিটির কাছে ওই প্রতিবেদন পাঠিয়েছে থাই সরকার। রয়টার্স শনিবার ওই প্রতিবেদন দেখেছে।
এ প্রতিবেদনে থাইল্যান্ড জানায়, বিমানের অস্ত্রের মধ্যে রকেট, ফিউজ, রকেট লাঞ্চার এবং রকেট চালিত গ্রেনেডসহ আরও অনেক অস্ত্র ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমানটি উত্তর কোরিয়ার পিয়ংইয়ং থেকে ছেড়ে এসেছে এবং তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কোরিয়া মেকানিক্যাল ইন্ড্রাস্ট্রিজ কোম্পানি নামের একটি কোম্পানি ওই অস্ত্র পাঠাচ্ছিল।
অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা থাকায় ইরানে এ অস্ত্র পাঠানোর পদক্ষেপের কারণে উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নিষেধাজ্ঞা লঙ্ঘনের চেষ্টার অভিযোগ উত্থাপিত হতে পারে বলে মন্তব্য করেছেন কূটনীতিকরা। এছাড়া তারা আরও জানান, ইরান পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিষেধাজ্ঞার সম্মুখীন হলেও অস্ত্র আমদানি নিষেধাজ্ঞা নেই তাদের।
নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা কমিটির এক কূটনীতিক জানান, কমিটি ১১ ফেব্র"য়ারিতে থাই প্রতিবেদন নিয়ে আলোচনা করবে বলে ধারণা করা হচ্ছে।
সেইসঙ্গে তিনি আরও জানান, অস্ত্র চালান বিষয়ক বিস্তারিত তথ্য চেয়ে কমিটি সম্ভবত ইরান ও উত্তর কোরিয়াকে চিঠি দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩০৬ ঘ.
bdnews24