গজনি, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে সরকারি সেনাদের সঙ্গে তাদের মিত্রপক্ষ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সেনাদের এক সংঘর্ষে চার আফগান সেনা নিহত এবং ছয়জন আহত হয়েছে।
ওয়ারদাক প্রদেশে শুক্রবার রাতে ওই সংঘর্ষ হয় বলে শনিবার প্রাদেশিক কর্মকর্তারা জানান।
প্রদেশটির গভর্নরের মুখপাত্র শাহেদুল্লাহ শাহেদ জানান, শুক্রবার রাতে ন্যাটো ও আফগান উভয় সেনাবাহিনী অভিযান চালাচ্ছিল। এক পর্যায়ে তারা একে অপরের ওপর গুলিবর্ষণ শুরু করে।
তিনি বলেন, "এ সময় আফগান সেনাবাহিনীর একটি ঘাঁটিতে বিদেশি বাহিনী বিমান হামলা চালায়। এতে চার সেনা নিহত ও ছয়জন আহত হয়। আমরা জানি না কেন এমনটি ঘটেছে। তবে এটা খুবই দুঃখজনক।"
নতুন স্থাপিত একটি ঘাঁটি লক্ষ করে ওই হামলা চালানো হয়।
আফগান সেনা ও ন্যাটো সেনাদের মধ্যে এমন একটি 'ঘটনা ঘটার' কথা নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগী বাহিনী (ইসাফ)।
ন্যাটো বাহিনীর মুখপাত্র মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট নিকো মেলেন্দেজ বলেন, "ঘটনাটির কারণ অনুসন্ধানে আমরা আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৮০২ ঘ.
bdnews24