দুবাই, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- বিশ্বে অর্থনৈতিক সঙ্কট সমাধানের উপায় হিসাবে মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতার অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলোকে দোষারোপ করেছেন তিনি।
আল জাজিরা টেলিভিশনে শুক্রবার এক অডিওটেপে লাদেন এ আহ্বান জনান। টেপটির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি।
টেপে লাদেন বলেন, "আমাদের ডলারে লেনদেন বন্ধ করা প্রয়োজন এবং যত দ্রুত সম্ভব তা করা উচিত।"
তিন মিনিটের এ টেপে লাদেন জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলোকে দোষারোপ করে বলেছেন, "জলবায়ু পরিবর্তন ভাবাদর্শগত কোনও বিলাস নয়। এটি বাস্তবতা। সবকটি শিল্পোন্নত দেশ বিশেষ করে বড় বড় শিল্পোন্নত দেশগুলো বিশ্ব উষ্ণায়ন সঙ্কটের জন্য দায়ী।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২৯৫৭ ঘ.
bdnews24