লন্ডন, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের হামলা নিরাপত্তা ঝুঁকির হিসাব-নিকাশ বদলে দিয়েছে। বুঝিয়ে দিয়েছে সাদ্দাম হোসেনকে আর নিষেধাজ্ঞা আরোপ করে দমিয়ে রাখা সম্ভব নয়। ইরাক যুদ্ধের কারণ ব্যাখ্যা করে প্রথম প্রাকশ্য জেরায় শুক্রবার একথাই বলেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। (আরও তথ্যসহ-১)
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার ব্লেয়ারকে লন্ডনে ইরাক যুদ্ধ তদন্ত কমিটিতে জেরার জন্য হাজির করা হয়।
ইরাক যুদ্ধের প্রতিবাদকারীরা এ সময় তদন্ত কমিটি ভবনের বাইরে ব্লেয়ারকে 'যুদ্ধ অপরাধী' স্লোগান দিয়ে বিক্ষোভ করে।
বিবিসি জানিয়েছে, ব্লেয়ারকে ২০০৩ সালে ইরাক যুদ্ধের পট প্রস্তুত করা এবং তৎপরবর্তী ঘটনা নিয়ে প্রায় ৬ ঘন্টার জেরা শুরু করেন স্যার জন সিলকোট।
প্রয়োজনে আরও তথ্যপ্রমাণের জন্য ব্লেয়ারকে আবারও জেরা করা হতে পারে বলেও শুরুতেই জানান জন। তিনি বলেন, ব্লেয়ারের বিচার করা হচ্ছে না। তাকে কেবল ওই যুদ্ধ শুরু করার বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ব্লেয়ারকে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে আল কায়েদার হামলা এবং গণবিধ্বংসী অস্ত্রের হুমকি বুঝিয়ে দিয়েছিল, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে দমিয়ে রাখার নীতি আর চলতে পারে না।
তিনি বলেন, "১১ সেপ্টেম্বর পর্যন্ত আমরা ভেবে নিয়েছিলাম সাদ্দাম একটি ঝুঁকি। যাকে চেষ্টা করে দমিয়ে রাখা যাবে। কিন্তু ১১ সেপ্টেম্বরের উল্লেখযোগ্য ওই ঘটনার পর ঝুঁকি নিয়ে হিসাব-নিকাশ বদলে যায়।"
নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলাই ইরাক এবং সাদ্দাম হোসেনকে নিয়ে ঝুঁকির ব্যাপারে ব্রিটেনের দৃষ্টিভঙ্গি নাটকীয়ভাবে পাল্টে দিয়েছিল মন্তব্য করে ব্লেয়ার বলেন, ওই ঘটনার প্রেক্ষিতে চিন্তাটি ছিল এরকম যে, তারা ৩ হাজারেরও বেশি মানুষ মারতে সক্ষম এবং তারা তা করতোও। আমি চিন্তা করেছিলাম এ বিষয়টি নিয়ে আদৌ কোওরকম ঝুঁকি নেওয়া যায় না। ইরাক ১০ বছর ধরে বিরুদ্ধাচরণ করে এসেছে। তাকে বশ মানাতে হবে।
তবে তিনি বলেন, নিরাপত্তার ঝুঁকিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার মূলে কাজ করেছে নিউ ইয়র্কে ঘটে যাওয়া ওই নৃশংস ঘটনা।
তিনি আরও বলেন, "আমাদেরকে উপদেশও দেওয়া হয়েছিল যে, এ সমস্ত লোকজন রাসায়নিক, জীবাণু অস্ত্র কিংবা পরমাণু ডিভাইস ব্যবহার করতে পারে। যদি এ সমস্ত অস্ত্র তাদের হাতে থেকে থাকে। আর এতেই নিরাপত্তার ঝুঁকিটা কোথায় সে সম্পর্কে আমাদের চিন্তা-ভাবনা পুরোপুরি বদলে যায়।"
২০০৩ সালে ইরাক যুদ্ধে সাড়ে চার হাজার সেনা পাঠানোর সিদ্ধান্তটি ব্লেয়ারের ১০ বছরের প্রধানমন্ত্রিত্বে সবচেয়ে সমালোচিত ঘটনা ছিলো। এতে তার দল লেবার পার্টিতে মতানৈক্য, দলের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ ও স্বয়ং ব্লেয়ারের বিরুদ্ধেও মিথ্যাচারের অভিযোগ ওঠে।
সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার পর ৭ বছর এবং গর্ডন ব্রাউনের হাতে ক্ষমতা হস্তান্তরের তিন বছর পরেও বিষয়টি নিয়ে ব্লেয়ারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ এখনো কমেনি।
লেবার পার্টির কয়েকজন নেতা আশঙ্কা করছেন এই জেরা, বিশেষ করে সেখানে ব্লেয়ারের হাজিরা দেয়ার ঘটনা দলের সমর্থকদের মধ্যে নতুন করে ক্ষোভের সঞ্চার করবে যাতে আসন্ন নির্বাচনে দলের সমর্থনে ভাটা পড়বে। আগামী জুনে ব্রিটেনে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষক ও ব্লেয়ারের জীবনী লেখক অ্যান্টনি শেলডন বলেন, এটি ব্লেয়ার, ব্রিটেনের জনগণ এবং সারাবিশ্বে ব্রিটেনের নৈতিক যে রূপ রয়েছে তার জন্য একটি 'ঘুরে দাঁড়ানোর দিন'।
মূলত ২০০২ সালের সেপ্টেম্বর মাসে জনগণের উদ্দেশ্যে যুদ্ধের পক্ষে ব্লেয়ারের দেয়া যুক্তিগুলো নিয়ে প্রশ্ন করা হচ্ছে ব্লেয়ারকে।
ওই সময় ইরাক যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন দলিলপত্রে লেখা হয়েছে, "গোয়েন্দা সংস্থাগুলো 'নিশ্চিতভাবেই প্রমাণ করেছে' যে সাদ্দাম হোসেনের কাছে 'গণবিধ্বংসী অস্ত্র' রয়েছে।" কিন্তু এ ধরনের কোনো অস্ত্রের অস্তিত্ত্ব পরবর্তী সময়ে পাওয়া যায়নি।
তদন্ত কমিটিতে ইতোমধ্যেই ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বলেছেন, ২০০৩ সালের ২০ মার্চে ইরাক আগ্রাসনের কিছুদিন আগেই সাদ্দাম হোসেনের 'গণবিধ্বংসী অস্ত্র' ধ্বংস করা হয়েছে বলে ইঙ্গিত দিয়েছিলো গোয়েন্দা সংস্থাগুলো।
তাছাড়া এ যুদ্ধ আইনসঙ্গত ছিলো কি না এবং ঠিক কোন পরিস্থিতিতে ব্লেয়ার জর্জ ডব্লিউ বুশকে এই যুদ্ধে সেনা তৎপরতায় সহায়তা দেয়ার প্রতিশ্র"তি দেন, তা-ও খতিয়ে দেখা এই জেরার উদ্দেশ্য।
স্বাক্ষীরা ইতোমধ্যেই জানিয়েছেন, শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য সেনা তৎপরতা চালালে তা বৈধ হবে না বলে ২০০২ সালেই ব্লেয়ারকে জানান অ্যাটর্নি জেনারেল পিটার গোল্ডস্মিথ। তবে শেষ পর্যন্ত এই যুদ্ধের ব্যাপারে তিনি সম্মতি দেন।
গোল্ডস্মিথ নিজেও তদন্ত কমিটিকে বলেন, তিনি নিজে বিশ্বাস করতেন যুদ্ধের ব্যাপারে জাতিসংঘের অনুমোদন প্রয়োজন। তবে আগ্রাসন শুরু হওয়ার মাসখানেক আগে তিনি নিজের মত পাল্টান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই জন আইনজীবী জানিয়েছেন, তারা সরকারকে আগেই সতর্ক করেছিলেন যে, এই যুদ্ধ আইনসম্মত হবে না।
গত বছর গর্ডন ব্রাউনের নিয়োগ করা তদন্ত কমিটির সদস্যরা নিশ্চিত করেছেন যে, কমিটির মূল কাজ হবে ইরাক যুদ্ধ থেকে শিক্ষাগ্রহণ এবং এটি কোনো বিচারিক উদ্যোগ নয়।
সমালোচকরা বলছেন, পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটি সাক্ষীদের ব্যাপারে নমনীয় এবং তদন্তে সহায়ক প্রশ্ন তুলতে ব্যর্থ হয়েছে।
তবে ব্লেয়ার নিজে গত ডিসেম্বরে একটি সাক্ষাৎকারে বলেন, তিনি বিশ্বাস করেন গণ বিধ্বংসী অস্ত্র না পাওয়া গেলেও সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করা ঠিক ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৫৫৫ ঘ.
bdnews24