দামেস্ক, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-দুবাইয়ে শীর্ষ হামাস সামরিক কমান্ডারকে ইসরায়েল হত্যা করেছে। শুক্রবার ফিলিস্তিনি ইসলামী গ্র"পের এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
ইজ্জত আল রিশক নামের ওই কর্মকর্তা দামেস্কে রয়টার্সকে বলেন, ২০ জানুয়ারি হামাস কমান্ডার মাহমুদ আল-মাহবুহকে হত্যা করা হয়।
হামাসের পলিটব্যুরো সদস্য রিশক বলেন, "আমি ঘটনা খুলে বলতে পারব না। আমরা সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি।"
রিশক জানান, মাহবুহ ছিলেন হামাসের সামরিক শাখা ইজ এল-দীন আল-কাশাম ব্রিগেডের গুরুত্বপূর্ণ এক সদস্য। ত্রিশের দশকে ফিলিস্তিনে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে যুদ্ধ করা সিরিয়ার ধর্মীয় নেতার নামে হামাসের সামরিক শাখার নামকরণ করা হয়।
রিশক জানান, ৫০ বছর আগে গাজা উপত্যকায় জন্মগ্রহণকারী মাহবুহ ১৯৮৯ সাল থেকেই সিরিয়ায় বসবাস করছিলেন। কিন্তু দুবাইয়ে আসার একদিন পরেই তাকে হত্যা করা হয়।
মূলত ইরান এবং সিরিয়ার সমর্থনেই দুই দশক আগে প্রতিষ্ঠা লাভ করা হামাস বর্তমানে গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে।
গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই ইসরায়েল হামাসের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে হত্যা করেছে। কিন্তু তারপরও হামাস ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে।
রিশক জানান, আশির দশকে ফিলিস্তিনি উত্থানের সময় মাহবুহ দুজন ইসরায়েলি সেনাকে ধরতে সাহায্য করেছিলেন। এরপর বিভিন্ন সময় ইসরায়েলি বাহিনী তাকে বন্দি করে রাখে এবং তার গাজার বাড়িটিও ধ্বংস করে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬৩০ ঘ.
bdnews24