লন্ডন, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানে তালেবানসহ যে কোনওরকম সমস্যার সমাধান নির্ভর করছে নিরাপত্তা রক্ষায় সক্ষম শক্তিশালী আফগান বাহিনী গড়ে তোলার ওপর। লন্ডনে বৃহস্পতিবার ৬০ জাতি আফগান সম্মেলন শুরুর আগ মুহূর্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বিবিসি'কে একথা বলেছেন। (আরও তথ্যসহ)
ওদিকে, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, এরকম বাহিনী গড়ে তুলতে এক দশকেরও বেশি সময় ধরে বিদেশি সহায়তার প্রয়োজন পড়বে।
ব্রাউন বলেন, তালেবানদেরকে পুনর্বাসন করার যে কোনও চেষ্টা তখনই কাজে আসবে যদি আফগানিস্তানের নিজস্ব সেনাবাহিনী ও পুলিশ আন্তর্জাতিক বাহিনীর হাত থেকে নিরাপত্তাভার তুলে নেওয়ার মতো যথেষ্ট শক্তিশালী হয়। এটি ধীরে ধীরে অর্জন করার প্রক্রিয়া।
তিনি বলেন, প্রথম কাজই হচ্ছে আফগান বাহিনীকে শক্তিশালী করা। তারপর তালেবানদেরকে বিভক্ত করে দিয়ে তাদেরকে দুর্বল করতে হবে।
ব্রাউন আরও বলেন, শক্তিশালী একটি আফগান সেনাবাহিনী ও পুলিশ না থাকলে যারা সহিংসতা পরিহার করে গণতান্ত্রিক পক্রিয়ায় যোগ দিতে চায় এবং অতীত পথ থেকে ফিরে আসতে চায় তাদেরকে পরিবর্তিত পথে নিয়ে আসতে এগিয়ে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হবে না।
তালেবান যোদ্ধাদেরকে অর্থ ও চাকরি দিয়ে সহিংসতার পথ থেকে ফেরানো এবং তালেবান যোদ্ধাদেরকে দল ছেড়ে আসতে উৎসাহিত করতে জাতিসংঘের সন্ত্রাসের কালো তালিকা পর্যালোচনার চেষ্টা লন্ডন সম্মেলনে সমর্থন পাবে বলে মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০০ ঘ
bdnews24