জেরুজালেম, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইসরায়েলের আদালতে প্রধান বিচারপতিকে জুতা ছুড়ে মেরেছেন দর্শক সারিতে বসা এক ব্যক্তি। জুতাটি তার মুখমন্ডলে আঘাত করেছে। এক প্রত্যক্ষদর্শী একথা জানিয়েছেন।
এটর্নী তাল রন ইসরায়েলি বেতারে বলেন, আদালতের মামলার শুনানি চলার মধ্যে দর্শক গ্যালারি থেকে একটি জুতা উড়ে যেতে দেখলাম। এটি গিয়ে বিচারক ডোরিত বেইনিচের দুই চোখের মাঝে লেগেছে। এতে তিনি উল্টে পড়ে যান।
রন জানান, জুতা নিক্ষেপকারী এ সময় চিৎকার করে বলছিলেন, "আপনি দুর্নীতিগ্রস্ত। আপনি আমার ক্ষতি করেছেন।"
রন আরও জানান, "সঙ্গে সঙ্গে আদালতের রক্ষীরা হামলাকারীর ওপর চড়াও হয়। তাকে তখন পুরাপুরি ক্ষ্যাপাটে দেখাচিছল।"
আদালতের সাংবাদিকরা বলেছেন, বিচারকের দিকে দুটো জুতা ছোড়া হয়েছিল। একটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। আর অন্যটি আঘাত করেছে।
বেইনিচের স্বামী জানিয়েছেন, সজোরে ধাক্কা খেয়ে তিনি চেয়ার থেকে পড়ে গিয়েছিলেন। তবে এখন তিনি কিছুটা ভালো এবং বিচারকাজ চালাতে আদালতে ফিরতে পারেন।
আদালতে চিকিৎসাক্ষেত্রে মারিজুয়ানার ব্যবহার নিয়ে শুনানি চলছিল। বেতার জানিয়েছে, হামলাকারীর বয়স ৫২ বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৩ ঘ.
bdnews24