কলোম্বো, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সেনা অধিনায়ক জেনারেল শরথ ফনসেকা। গত বছর মে মাসে তামিল টাইগারদের সঙ্গে দীর্ঘ ২৫ বছরের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন।
শরথ ফনসেকা সম্পর্কে কিছু তথ্য এখানে দেয়া হলো:
* ৫৯ বছর বয়স্ক ফনসেকা ১৯৭০ সালে শ্রীলঙ্কার সেনাবাহিনীতে যোগ দেন। এরপর ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত সেনা অধিনায়কের দায়িত্ব পালন করেন। এ সময় তিনি তামিল টাইগারদের দমন করে সেনাবাহিনীর জয় ছিনিয়ে আনেন।
* সৈনিক থাকা অবস্থায় দু'বার তিনি যুদ্ধক্ষেত্রে আহত হন এবং ১৯৯৩ সালে জাফনা ফোর্টে টাইগারদের হাতে আটকা পড়া শতাধিক সেনাকে মুক্ত করতে 'মিডনাইট এক্সপ্রেস' মিশনের নেতৃত্ব দেন। এ সময় তিনি নিরাপত্তা মন্ত্রী গতাবায়া রাজাপাকসের সঙ্গেও সেনাবাহিনীর আধুনিকায়ন এবং তামিল টাইগারদের পরাজিত করার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করেন।
* ২০০৬ সালের এপ্রিলে একজন মহিলা তামিল টাইগার ফনসেকার গাড়ির পাশেই আত্মঘাতী বোমা হামলা চালালে অল্পের জন্য ঁেবচে যান ফনসেকা। চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো হয়। তিনমাস পর ফিরে এসে তিনি আবার কাজে যোগ দেন। এর কয়েকদিনের মধ্যেই তিনি টাইগারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জয়ী হন।
যুদ্ধ জয়ের পর প্রেসিডেন্ট রাজাপাকসে তাকে নব গঠিত প্রধান নিরাপত্তা কর্মকর্তা পদে নিয়োগ দেন। ফনসেকা নভেম্বর মাসে এ পদ ছেড়ে দেন এবং অভিযোগ করেন এ পদটি তাকে কোণঠাসা করে রাখার জন্য সৃষ্টি করা হয়েছে। তিনি আরো অভিযোগ করেন যে, তাকে ভুলভাবে একটি সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করার জন্য অভিযুক্ত করা হচ্ছে।
* ফনসেকা শ্রীলঙ্কার এক্সেকিউটিভ প্রেসিডেন্সি বাতিল করাসহ তামিল ও অন্যান্য সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান। তবে খুব কম সংখ্যক রাজনৈতিক দল তাকে এ ব্যাপারে সমর্থন জানাচ্ছে। দিন কয়েক আগে তিনি 'তামিলদের কোনো দাবি করা উচিত নয়, শ্রীলঙ্কা সিংহলীদের ভূমি'- বলে মন্তব্য করেন। অবশ্য পরে তিনি বলেন, মন্তব্যটি পরিস্থিতিপ্রসূত ছিলো।
ক্স ফনসেকা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডপ্রাপ্ত অভিবাসী। তার দুই মেয়ে ওকলাহোমা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। কিন্তু যুদ্ধের পরে যুদ্ধাপরাধের অভিযোগ আসলে তার স্থায়ী অভিবাসনের অনুমতি বাতিল হতে পারে। যুদ্ধে প্রচুর সংখ্যক বেসামরিক মানুষ নিহত হওয়ায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের অভিযোগ উঠতে পারে। তবে যুদ্ধ জয়ের কারণে শ্রীলঙ্কার মানুষের কাছে ফনসেকা একজন রাষ্ট্রীয় বীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৫২২ ঘ.
bdnews24