২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন মঙ্গলবার

মঙ্গলবার অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করছে শ্রীলঙ্কা। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে সাবেক সেনাপ্রধান সরথ ফনসেকার প্রবল প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2010, 01:01 PM

Updated : 24 Aug 2022, 06:22 PM

কলোম্বো, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মঙ্গলবার অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করছে শ্রীলঙ্কা। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে সাবেক সেনাপ্রধান সরথ ফনসেকার প্রবল প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। গত নভেম্বর মাসে তামিলবিরোধী যুদ্ধে সরকারের সেনাদের বিজয়ের পর রাজাপাকসের জনপ্রিয়তা অনেক বেড়ছিল। তখন ধারণা করা হচ্ছিল, জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আবারো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তিনি। তবে তামিলবিরোধী যুদ্ধের সফলতার কৃতিত্ব নিয়ে দ্বন্দ্বের এক পর্যায়ে শ্রীলঙ্কার চিফ অব ডিফেন্স স্টাফ এর পদ থেকে ফনসেকার পদত্যাগ এবং প্রেসিডেন্ট নির্বাচনে তার অংশ নেওয়ার ঘোষণার পর থেকে ভাটা পড়তে থাকে রাজাপাকসের জনপ্রিয়তায়। বর্তমানে সংখ্যাগুরু সিংহলীদের কাছে এখন একজন বীরের মতো বিবেচিত হচ্ছেন তামিল টাইগার বিরোধী যুদ্ধে শ্রীলঙ্কার সেনাদের নেতৃত্বদানকারী ফনসেকা। রাজাপাকসে ও ফনসেকা দুজনেই গত দুই মাস ব্যাপক প্রচারণা চালিয়েছেন। দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সভা-সমাবেশ করে একে অন্যের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। সমৃদ্ধ শ্রীলঙ্কা গড়ার অঙ্গীকার করার পাশাপাশি বহু বছর পর দেশটিতে যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে তাতে যার যার ভূমিকাও তুলে ধরেন তারা। তাই নির্বাচন নিয়ে নির্ভরযোগ্য কোনো জনমত যাচাই না হলেও তুমুল প্রতিদ্বন্দ্বিতা আশা করা হচ্ছে। ওদিকে, ২৫ বছরের গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কা পুনর্গঠনে কে নেতৃত্ব দেবেন সে প্রশ্নে সেনা অভিযানে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু তামিলদের ভোট সবচেয়ে বেশি ভূমিকা রাখতে সহায়ক হতে পারে বলেও মনে করা হচ্ছে। কলোম্বোর কলাম লেখক ও রাজনৈতিক বিশ্লেষক জেহান পেরেরা বলেন, "তুমুল প্রতিদ্বন্দ্বিতপূর্ণ এ নির্বাচনে প্রার্থীদের নীতির চেয়ে ব্যক্তিগত চরিত্র জয়ী হওয়ার ক্ষেত্রে বেশি ভূমিকা রাখতে পারে।" রাজাপাকসে তার সাবেক এই মিত্র সম্পর্কে অভিযোগ করছেন, ফনসেকা রাজনীতিতে 'নবিশ' এবং দীর্ঘদিন সামরিক বাহিনীতে চাকরি করায় ক্ষমতা পেলে এক পর্যায়ে শ্রীলঙ্কায় স্বৈরশাসন কায়েম করতে পারেন তিনি। আর সাবেক সেনাপ্রধান ফনসেকার অভিযোগ, রাজপাকসের স্বজনপ্রীতি, দুর্নীতি ও অব্যবস্থাপনায় শ্রীলঙ্কায় খাদ্যমূল্য বেড়েছে এবং তার ফলে সাধারণ জনগণ কষ্টে আছে। জয়ী হলে রাষ্ট্রপতির ক্ষমতা কাটছাঁট এবং সংসদকে বেশি ক্ষমতা দেওয়ারও অঙ্গীকার করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৯৫৪ ঘ.