হাইতি, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, হাইতিতে ১২ জানুয়ারির ভূমিকম্পে বেঁচে যাওয়াদের মাঝে সংক্রামক রোগের প্রাদুর্ভাব হওয়ার আশঙ্কা থাকলেও তা হয়নি।
রোববার হাইতিতে এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও'র প্যান আমেরিকান অর্গানাইজেশনের পরিচালক মিরতা রোজ জানান, ভূমিকম্পে সহায়-সম্বল হারানো জীবিতরা রাজধানী পোর্ট অব প্রিন্সে নির্মিত প্রায় ৩০০ অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে। আশঙ্কা ছিল, তাদের মাঝে সংক্রামক রোগের প্রাদুর্ভাব হবে। কিন্তু হাইতির স্বাস্থ্য পরিস্থিতির তেমন অবনতি হয়নি।
ভূমিকম্পের পর আবহাওয়া ভাল রয়েছে। আর এতে সংক্রামক রোগও ছড়াতে পারেনি বলে জানান তিনি।
রোজ বলেন, "প্রতিবেদন ও নজরদারিতে তেমন কোনো সমস্যা পাওয়া যায়নি। তবে আমি আশঙ্কা করেছিলাম, মানুষ যেভাবে অস্থায়ী বসতি গড়ছে তাতে একটি ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি হতে পারে।
"প্রথমত আপনারা সবাই জানেন, অতিরিক্ত ভিড় ও পরিবেশগত সমস্যায় পড়ে ডায়রিয়ার মতো সংক্রামক রোগ ছড়ানো স্বাভাবিক ঘটনা। এছাড়া, আমরা খাদ্য বিতরণ করায় এবং জনগণ নিজেরা নিজেদের খাবার তৈরি না করায় নানা হাতে খাবার ঘুরছে।
এমন অবস্থায় প্রথমেই ডায়রিয়া এবং শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ছড়ানোর মতো রোগ নিয়ে সমস্য দেখা দেওয়ার কথা। তবে আমরা ভাগ্যবান যে খুবই ভাল পরিবেশে আছি।"
হাইতির সরকারি হিসাবে গত ১২ জানুয়ারি ভূমিকম্পে প্রায় ২ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়াও প্রায় ৩০ লাখ মানুষ আহত হয় কিংবা ঘর বাড়ি হারায়। ধ্বংসস্তূপেও আটকা পড়ে বহু মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৩৬ ঘ.
bdnews24