২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সাইবার ভূমিকার সমালোচনায় চীনা পত্রিকা

ইরানের বিক্ষোভ-সহিংসতার পেছনে যুক্তরাষ্ট্রের সাইবার ভূমিকার তীব্র সমালোচনা করেছে চীনের কমিউনিস্ট পার্টির পত্রিকা 'দ্য পিপলস ডেইলি'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 02:36 PM

Updated : 24 Aug 2022, 06:20 PM

বেজিং, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরানের বিক্ষোভ-সহিংসতার পেছনে যুক্তরাষ্ট্রের সাইবার ভূমিকার তীব্র সমালোচনা করেছে চীনের কমিউনিস্ট পার্টির পত্রিকা 'দ্য পিপলস ডেইলি'। পত্রিকাটি রোববার অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্র সাইবার আর্মি এবং 'হ্যাকার ব্রিগেড' ব্যবহারের পাশাপাশি টুইটার, ইউটিউবের মতো সামাজিক নেটওয়ার্কিং সাইটকে কাজে লাগিয়ে ইরানে সহিংসতা, অস্থিরতা বাড়িয়ে তুলেছে। যুক্তরাষ্ট্র ইন্টারনেটের স্বাধীনতার নামে ইন্টারনেট নিয়ন্ত্রণ করছে বলেও পত্রিকাটি অভিযোগ করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত বৃহস্পতিবার চীনে ইন্টারনেটের আরও স্বাধীনতা দেওয়ার আহ্বান জানানোর পর 'দ্য পিপলস ডেইলি' এ অভিযোগ করল। ইন্টারনেট সেন্সরশীপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অগ্রযাত্রা বেজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে বলেও চীন শুক্রবার সতর্ক করে দিয়েছে। পিপলস ডেইলি তাদের সম্পাদকীয়তে লিখেছে, "আমেরিকা যাকে বাকস্বাধীনতা বলছে তা নগ্ন রাজনৈতিক চক্রান্ত। ইরানের নির্বাচনের পর চরম অস্থিরতা সৃষ্টি হল কিভাবে?" "এটি হয়েছে আমেরিকার অনলাইন যুদ্ধের কারণে। ইউটিউব, ভিডিও, টুইটার মাইক্রোব্লগিংকে কাজে লাগিয়ে তারা গুজব ছড়িয়েছে, বিভেদ সৃষ্টি করেছে এবং রক্ষণশীল সংস্কারপন্থী বিভিন্ন দলের অনুসারীদের মধ্যে বিবাদ তুলে ধরেছে।" চীন মার্চ থেকে ইউটিউব, জুন থেকে টুইটার এবং জুলাইয়ের শুরু থেকে ফেসবুক বন্ধ করে রেখেছে। পত্রিকার সম্পাদকীয়র জিজ্ঞাস্য, সন্ত্রাস উস্কে দেওয়ার মতো কোনও আপত্তিকর তথ্য কিংবা কর্মকাণ্ড কি যুক্তরাষ্ট্রের ইন্টারনেটে ছাড় দেওয়া হবে? এতে আরও বলা হয়, কেবলমাত্র আমেরিকা যে তথ্য নিয়ন্ত্রণ করবে সেটিই অবাধ তথ্য, আমেরিকা যে সংবাদকে স্বীকৃতি দেবে কেবল সেটিই অবাধ সংবাদ, আমেরিকা যে বক্তব্য অনুমোদন করবে সেটিই অবাধ বক্তব্য এবং যে তথ্য প্রবাহতে আমেরিকার স্বার্থ রক্ষা হবে তাইই অবাধ তথ্য প্রবাহ---আমেরিকার রাজনীতিবিদদের এই দৃষ্টিভঙ্গিতে আমরা শঙ্কিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩১ ঘ.