ইসলামাবাদ, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির প্রতি সেনাবাহিনী এবং ওয়াশিংটনের শ্রদ্ধা থাকায় দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে তার ওপরই ভরসা করা যায় বলে মনে করছেন বিশ্লেষকরা।
গত মাসে পাকিস্তানের সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের জারি করা সাধারণ ক্ষমা আইন বাতিলের পর প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও তার শীর্ষ সহযোগিরা ছাড়াও হাজার হাজার দলীয় কর্মী ও সরকারি কর্মকর্তারা বেকায়দায় পড়ে যান।
দেশে রাজনৈতিক ঝড় শুরু হয় এবং পদত্যাগের চাপের মুখে পড়েন অজনপ্রিয় প্রেসিডেন্ট জারদারি। রাজনৈতিক বিশৃঙ্খলায় উদ্বিগ্ন হয় যুক্তরাষ্ট্র। তারা ইসলামাবাদের ওপর চাপ বাড়িয়ে যাচ্ছে প্রতিবেশী আফগানিস্তানের স্থিতিশীলতার জন্য আল কায়েদা ও তালেবান জঙ্গি দমনে।
বিশ্লেষকরা বলছেন, এরকম একটি সময়ে গিলানি শত্র" খুব বেশি না বাড়িয়ে দেশের রাজনীতির মূলমঞ্চে পা টিপে টিপে অগ্রসর হচ্ছেন। তাই তিনিই হতে পারেন ক্রমবর্ধমান তালেবান হামলা এবং গভীর অর্থনৈতিক সঙ্কট উত্তরণের ক্ষেত্রে পাকিস্তানে সাবধানে এবং ধীর পদক্ষেপে এগুনোর মতো একজন মানুষ। যেরকম নেতৃত্ব এখন দেশটিতে প্রয়োজন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পশ্চিমা কূটনীতিক বলেন,"প্রধানমন্ত্রীর মধ্যপন্থার সুনাম আছে এবং তিনি সবসময়ই মতৈক্যের ভিত্তিতে কোনও কিছু করার চেষ্টা করেন। সেনাবাহিনীও তাকে বিশ্বাস করে।"
বিশ্লেষকরা বলছেন, গত পাঁচ বছরের বেসামরিক খাতে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সাড়ে সাত বিলিয়ন ডলারের অর্থ সাহায্য দিয়েছে এবং তারা মনে করে গিলানির সঙ্গেই সাহায্যের বিষয়টি নিয়ে কাজ চালিয়ে যেতে পারবে তারা।
তাছাড়া, গিলানির বিতর্ক থেকে দূরে সরে থাকার প্রবণতার কারণে ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের মতো কর্মকর্তারা পাকিস্তান সফরে গেলে তার সঙ্গে বৈঠক করতে আগ্রহীও হন।
বিশ্লেষকরা আরও বলছেন, পাকিস্তানের নতুন রাজনৈতিক পটভূমিতে সেনাবাহিনী সন্তুষ্ট হতে পারে। যদি আরও প্রভাবশালী প্রধানমন্ত্রী তাদের পাশে থাকে আর জারদারি থাকেন পর্দার অন্তরালের মূল ব্যক্তি হিসাবে।
কিন্তু গিলানি আরও বেশি দায়িত্ব নিলে তাকে অনেক বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আর তার নীতি ব্যর্থ হলে এর উত্তাপ পোহাতে হবে গিলানিকে, সেনাবাহিনীকে নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮০০ ঘ.
bdnews24