২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ ভিত্তিহীন: চীন

চীনে ইন্টারনেটে সেন্সরশিপ এবং হ্যাকিং নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ ভিত্তিহীন বলে শুক্রবার উড়িয়ে দিয়েছে বেজিং। একইসঙ্গে গুগুলকে নিয়ে বিরোধে দুদেশের মধ্যে সম্পর্কও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে চীন সতর্ক করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2010, 12:29 PM

Updated : 24 Aug 2022, 06:19 PM

বেইজিং, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে ইন্টারনেটে সেন্সরশিপ এবং হ্যাকিং নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ ভিত্তিহীন বলে শুক্রবার উড়িয়ে দিয়েছে বেজিং। একইসঙ্গে গুগুলকে নিয়ে বিরোধে দুদেশের মধ্যে সম্পর্কও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে চীন সতর্ক করে দিয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বেজিংকে ইন্টারনেট সেন্সরশীপ বন্ধের চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি তার বক্তব্যে চীন ও ইরানের সাইবার নীতির সমালোচনা করে বেইজিংকে গুগুলের হ্যাকিংয়ের অভিযোগ তদন্তের আহ্বান জানান। হ্যাকিং এবং ওয়েবসাইটগুলোতে কড়াকড়ি আরোপের অভিযোগ করে জনপ্রিয় ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগুল কোম্পানি চীনে কার্যক্রম বন্ধের হুমকি দেওয়ার পর থেকেই চীন ও যুক্তরাষ্ট্রের বিরোধের মূল ইস্যুতে পরিণত হয়েছে সেন্সরশীপ। চীনের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের সমালোচনা বিশ্বের বৃহত্তম এবং তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক এ দেশ দুটির সম্পর্কে চিড় ধরাতে পারে। বাণিজ্য অসাম্য, মূদ্রামান এবং তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি নিয়ে এমনিতেই দেশ দুটি দ্বন্দ্বে জড়িয়ে আছে। মুখপাত্র মাও ঝাওজু বলেন,"যুক্তরাষ্ট্র চীনের ইন্টারনেট বিষয়ক নীতি এবং ইন্টারনেটের স্বাধীনতায় হস্তক্ষেপের সমালোচনা করেছে। আমরা যুক্তরাষ্ট্রের কাছে আহ্বান জানাই তারা বিষয়টিকে সম্মানের সঙ্গে দেখবেন এবং তথাকথিত ইন্টারনেট স্বাধীনতা নিয়ে চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ বন্ধ করবে।" যুক্তরাষ্ট্রের অভিযোগ সত্যের অপলাপ এবং তা দু দেশের সম্পর্কের জন্য ক্ষতিকারক বলে তিনি মন্তব্য করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মাও এর এ বিবৃতিটি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮২৪ ঘ.