২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ের মতো হামলায় ধৈর্য হারাতে পারে ভারত: গেটস

মুম্বাই হামলার মতো নতুন কোনও হামলা হলে ভারত ধৈর্য হারাতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বুধবার এ মন্তব্য করেছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 10:44 AM

Updated : 24 Aug 2022, 06:16 PM

নয়া দিল্লি, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাই হামলার মতো নতুন কোনও হামলা হলে ভারত ধৈর্য হারাতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বুধবার এ মন্তব্য করেছেন। নয়াদিল্লি সফরকালে সাংবাদিকদের গেটস বলেন, মুম্বাই হামলার পর ভারত সংযত থেকেছে। কিন্তু পুনরায় এ ধরনের হামলা হলে ভারত খুব সহজেই ধৈর্য হারাতে পারে। তিনি বলেন, "পুনরায় এ ধরনের হামলা হলে ভারতের ধৈর্য হারানোটা অযৌক্তিক বলে আমি মনে করি না।" গেটসের এ মন্তব্যে কূটনীতিকদের আশঙ্কারই বহিঃপ্রকাশ ঘটেছে। আর তা হল মুম্বাই ধাঁচের নতুন হামলা পাকিস্তানের বিরুদ্ধে জবাব দিতে ভারতকে উস্কে দেবে। ফলে এ অঞ্চল আরও বেশি করে অস্থিতিশীল হয়ে উঠবে এবং পাকিস্তান ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা ভেস্তে যাবে। ২০০৮ সালের নভেম্বরে মুম্বাই হামলার পর পাকিস্তানে হামলা চালানোর জনদাবি প্রতিহত করতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে যথেষ্টই বেগ পেতে হয়েছে। ভারত মুম্বাই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনকে দায়ী করে আসছে। অন্যদিকে, পাকিস্তান এ হামলার জন্য সাত জনকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে এবং ভারত কাশ্মীরসহ বিভিন্ন ইস্যুতে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে অস্বীকৃতি জানাচ্ছে বলে অভিযোগ করছে। এশিয়ায় উদীয়মান অর্থনীতির দেশ ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে এ সফরে গেছেন গেটস। সফরকালে তিনি বিভিন্ন সন্ত্রাসী দলগুলোর সমিতি এবং তারা কিভাবে এ অঞ্চলের সব দেশ ভারত, আফগানিস্তান এবং পাকিস্তানকে ঝুঁকির মুখে ফেলেছে তা নিয়ে কথা বলেছেন বলে জানান। তিনি বলেন, এ সমস্ত বিভিন্ন সন্ত্রাসী দলের সঙ্গে যোগসাজশে আল কায়েদার ছত্রছায়ায় সব সন্ত্রাসী অভিযান পরিচালিত হচ্ছে। ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ উস্কে দিয়ে কেবল আফগানিস্তান কিংবা পাকিস্তানই নয় বরং গোটা অঞ্চলকে অস্থিতিশীল করাই এর উদ্দেশ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬৩৯ ঘ.