বোস্টন, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সিনেট আসনের প্রতিযোগিতায় মঙ্গলবার জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী স্কট ব্রাউন।
প্রয়াত এডওয়ার্ড কেনেডির এই আসনে প্রথমে ডেমোক্র্যাটিক প্রার্থীর জয় নিশ্চিত বলে ধরে নেওয়া হলেও শেষ পর্যন্ত তা উল্টে দিয়েছেন ব্রাউন। তার জয়ে সংশয়ের মুখে পড়েছে প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার পরিকল্পনা।
ম্যাসাচুসেটসের এ সিনেট আসনে ডেমোক্র্যাট প্রার্থী মার্থা কোকলের জয়ই নিশ্চিত বলে মনে করা হচ্ছিল। কিন্তু রিপাবলিকান প্রতিযোগী স্কট ব্রাউন গত কয়েক সপ্তাহে মোড় ঘুরিয়ে দিয়েছেন।
ভোটারদের মধ্যে অর্থনীতি, স্বাস্থ্যসেবা সংস্কার বিল এবং বাদবাকী কর্মসূচি নিয়ে যে দুশ্চিন্তা রয়েছে ব্রাউন সেটিকেই জয়ী হওয়ার ফর্মূলা হিসাবে কাজে লাগিয়েছেন।
জনগণ ওবামার ট্রিলিয়ন ডলারের স্বাস্থ্যসেবা পরিকল্পনা চায় না যা তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তাই ব্রাউন ১০০ আসন বিশিষ্ট সিনেটে স্বাস্থ্যসেবা বিল আটকাতে ৪১ তম রিপাবলিকান ভোট স্লোগানটি ব্যবহার করেছেন।
এ ভোট দিয়েই ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার রুখার প্রতিশ্র"তি দিয়েছেন ব্রাউন। এ ভোটের ফলে ডেমোক্র্যাটরা প্রক্রিয়াগত নানা বাধা পেরিয়ে তাদের কর্মসূচি অনুমোদ করতে পারবে না।
ব্রাউন মনে করেন বিশেষজ্ঞদের কথা সত্যি ও ডেমোক্র্যাটদের ভুল বলে প্রমাণ করেছেন তিনি।
সমর্থকদের উদ্দেশ্যে ব্রাউন বলেন, ডেমোক্র্যাটরা মনে করেছিল তারা এই আসনের অধিকারী। কিন্তু আপনারা দেখিয়ে দিয়েছেন, এ আসন তাদের নয়, জনগণের।
৫২ শতাংশ ভোট নিয়ে ডেমোক্র্যাট রাজ্যে রিপাবলিকান ব্রাউনের বিজয় আগামীদিনের নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ে অনিশ্চয়তা ডেকে এনেছে। আর হোয়াইট হাউসে প্রথম বছর শেষের মুখে ওবামার পক্ষেও ম্যাসাচুসেটস এ এই পরাজয় সুখকর নয়।
ব্রাউনের প্রতিদ্বন্দ্বী মার্থা কোকলে বোস্টন হোটেলে তার আশাহত সমর্থকদের বলেন, আমি এ ফলে খুবই হতাশ।
কোকলের নির্বাচনী প্রচারণা যথেষ্ট ছিলো না বলছেন সমালোচকরা। ২০০৮ সালের নভেম্বরে প্রায় ৬২ শতাংশ ভোটে বিজয়ী প্রেসিডেন্ট ওবামা শেষ মূহুর্তে গত রোববার ম্যাসাচুসেটসে যান ভোটের জন্য আবেদন জানাতে।
জনপ্রিয় ডেমোক্র্যাট সিনেটর এডওয়ার্ড কেনেডির মৃত্যুতে ম্যাসাচুসেটসের এ আসনে নতুন করে এ নির্বাচন অনুষ্ঠিত হল।
মঙ্গলবার অব্যাহত গুড়ি গুড়ি বৃষ্টি ও হালকা তুষারপাতের মধ্যেও ম্যাসাচুসেটসের বাসিন্দারা ভোট দিতে যান।
ওদিকে, নির্বাচনের ফল জেনে প্রেসিডেন্ট ওবামা ব্রাউনকে অভিনন্দন জানাতে ফোন করেন বলে জানান ওবামার মুখপাত্র রবার্ট গিবস।
গিবস বলে, প্রেসিডেন্ট ওবামা সিনেটরকে অভিনন্দন জানিয়েছেন এবং ম্যাসাটুসেটসের পরিবারগুলোর অর্থনৈতিক দুরবস্থা মোকেবেলার জন্য তার সঙ্গে কাজ করার আগ্রহের প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৪৫৪ ঘ.
bdnews24