ওয়াশিংটন, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এশিয়ার উদীয়মান শক্তি ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করতে সোমবার নয়াদিল্লি সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী পাকিস্তান কেন্দ্রবিন্দু হলেও ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করাটাও গুরুত্ব পাচ্ছে।
১৯ -২১ জানুয়ারি ভারত সফর করবেন গেটস। তিনদিনের এ সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করবেন।
সফরের আগে মার্কিন কর্মকর্তারা সাংবাদিকদের ব্রিফিং করেন। এতে বলা হয়, বৈঠকে পাকিস্তান ভারত দ্বন্দ্ব নিয়ে আলোচনার পাশাপাশি ভারত ও মার্কিন সেনাবাহিনীর একত্রে কাজ করাসহ সন্ত্রাসবিরোধী অভিযান নিয়েও আলোচনা হবে।
মার্কিন ঊর্ধ্বতন এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, "সন্ত্রাসী সংগঠনগুলোর হামলা থেকে দেশকে রক্ষা করতে আমরা উভয়ই আমাদের স্বার্থের বিষয়টি ভাগভাগি করব।"
ওই কর্মকর্তা বলেন, "আমরা অনেক কিছু করছি। আর তাই আমরা অন্যদের কাছ থেকেও বেশি কিছু প্রত্যাশা করব।"
গত মাসে গেটস মার্কিন সিনেটে জানান, পাকিস্তানকে আরও অস্থিতিশীল করতে ভারত ও পাকিস্তানের মধ্যে আল কায়েদা দ্বন্দ্ব উস্কে দেওয়ার চেষ্টা করছে বলে তিনি মনে করছেন। তিনি আরও জানান, ভারতে হামলা চালানোর জন্য পাকিস্তানি জঙ্গি গ্র"প লস্কর-ই-তৈয়্যবাকে তথ্য দিয়েও সহায়তা করছে আল কায়েদা।
২০০৮ সালের নভেম্বরের মুম্বাই হামলাকারী হিসেবে লস্করকে দায়ী করা হয়ে থাকে। ওই হামলায় কমপক্ষে ১৬৬ জন নিহত হয়। এরপর পর প্রতিবেশী দু দেশ ভারত-পাকিস্তানের সম্পর্কে নতুন করে দ্বন্দ্বের সূত্রপাত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৩১ ঘ.
bdnews24