কাবুল, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই সোমবার বলেছেন, জঙ্গি হামলার পর কাবুলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
কারজাইয়ের প্রাসাদ থেকে এক লিখিত বিবৃতিতে প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট কাবুলের অধিবাসীদের আশ্বস্ত করছেন যে, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে।
রাজধানী কাবুলজুড়ে বিভিন্ন সরকারি ভবনসহ আরও কয়েকটি স্থানে সোমবার কমান্ডো স্টাইলে প্রায় ২৪ জন তালেবান বন্দুকধারী ও আত্মঘাতী বোমা হামলাকারীর আক্রমণের পর কারজাই এ আশ্বাস দিলেন।
জঙ্গিরা সরকারি ভবন দখলের চেষ্টা করে ব্যর্থ হলেও তারা এর মধ্য দিয়ে তাদের শক্তি আরেকবার জানান দিল। বিশেষ করে জঙ্গিবিরোধী লড়াইয়ে আফগানিস্তানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সেনা বাড়ানোর এই সময়ে।
জঙ্গিদের সঙ্গে আফগান নিরাপত্তা বাহিনীর ৪ ঘন্টারও বেশি সময়ের বন্দুকযুদ্ধের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছেন কারজাই।
গত ফেব্র"য়ারির পর এটিই কাবুলে সবচেয়ে বড় হামলা।
একটি শপিং সেন্টারে অবস্থান নেওয়া তালেবানদের সঙ্গে বন্দুকযুদ্ধের পর আফগান নিরাপত্তা বাহিনী ভবনটির নিয়ন্ত্রণ দখল করেছে বলে জানিয়েছে একটি নিরাপত্তা সূত্র। সংঘর্ষে ৫ জঙ্গি নিহত হয়েছে বলেও জানিয়েছে সূত্রটি।
প্রেসিডেন্ট প্রসাদ এবং শহরের কেন্দ্রস্থলের কয়েকটি মন্ত্রণালয়ে তালেবানদের মূল হামলাও প্রতিহত করা গেছে বলে জানানো হয়েছে।
তালেবানরা এ হামলার দায় স্বীকার করেছে। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আত্মঘাতী বোমা হামলাকারীসহ ২০ জন হামলাকারীর একটি দল সরকারের বিভিন্ন ভবন দখল করা এবং আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই করার কথা জানান।
জঙ্গিদের লক্ষ্য ছিল প্রেসিডেন্ট প্রাসাদ, বিচার মন্ত্রণালয়, খনি মন্ত্রণালয় এবং প্রেসিডেন্টের একটি প্রশাসনিক ভবন।
প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের এ সময়ে এ হামলা হল। কারজাইয়ের প্রেসিডেন্ট ভবনের বাইরে হামলা শুরুর মুহূর্তে কারজাই প্রাসাদের ভেতরে ছিলেন এবং তার নতুন মন্ত্রিসভার মন্ত্রীদের শপথ পড়াচ্ছিলেন।
কারজাই মন্ত্রীদেরকে বলেন, আমরা মপথ অনুষ্ঠান করার সময় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সন্ত্রাসী হামলা চলছিল। একে দেশের জন্য একটি বিপদ বলে উল্লেখ করেন তিনি।
এর আগে প্রাথমিক খবরে ঘটনাস্থল থেকে নিরাপত্তা কর্মকর্তা আমির মোহাম্মাদ ব্যাংক ও শপিং সেন্টারসহ বেশ কয়েকটি ভবনে কমপক্ষে ১০ জন আত্মঘাতী হামলাকারীর আক্রমণ করার কথা জানান।
একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, দুপক্ষে বন্দুকযুদ্ধ চলার মধ্যেই কাবুলের শপিং সেন্টারের বাইরে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা হয়েছে। এতে কয়েকজন পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়। এর কয়েক মিটার দূরেই একটি সিনেমাহলের কাছে আরেকটি বোমা বিস্ফোরণ হয়েছে।
অন্য একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এ হামলায় ৩০ জনের মতো হামলাকারী অংশ নিয়ে থাকতে পারে এবং ৩ জন নিহত হতে পারে।
তবে কতজন হতাহত হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও পরিস্কার তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে হতাহতের সংখ্যার অংশিক চিত্র পাওয়া গেছে মাত্র। ন্যাটো বাহিনী বলেছে, অন্ততপক্ষে ২ জন জঙ্গি নিহত হয়েছে। অন্য একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, শপিং সেন্টারে বোমা হামলাকারীরা দুই গার্ডকে গুলি করে হত্যা করেছে।
কাবুলের কেন্দ্রস্থলে তালেবানদের এই সমন্বিত হামলা প্রেসিডেন্ট হামদি কারজাইয়ের জন্য আরেকটি নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২৫ ঘ.
bdnews24