২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন না ছেড়ে সমঝোতার পথ খুঁজছে গুগুল

চীনের বাজার না ছেড়ে বরং সমঝোতার পথ খুঁজছে বিশ্বের জনপ্রিয় ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2010, 12:39 PM

Updated : 24 Aug 2022, 06:13 PM

সাংহাই, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের বাজার না ছেড়ে বরং সমঝোতার পথ খুঁজছে বিশ্বের জনপ্রিয় ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগুল। সুচতুর সাইবার হামলার অভিযোগ এনে গত সপ্তাহে চীনে কার্যক্রম হুমকি দিলেও সে অবস্থান থেকে সরে এসে গুগল জানিয়েছে, তারা সমস্যা সমাধানে চীন সরকারের সঙ্গে আলোচনার চেষ্টা করবে। গুগুল জানায়, চীনে আর কোনও ফিল্টারিং করতে রাজি নয় তারা। তবে তারা চীন সরকারের সঙ্গে ফিল্টারবিহীন বৈধ ইন্টারনেট সার্চের বিষয়টি নিয়ে আলোচনার চেষ্টা করবে। তা নয়ত তারা চীনের বাজার ছেড়ে দেবে। চীনাভাষার সাইট গুগুলডটসিএন এ এখনও ফিল্টার রয়েছে। যদিও অন্যান্য সার্চ ইঞ্জিনে নিয়ন্ত্রণ শিথিল করা হয়েছে। গুগুলের কার্যক্রম বন্ধের হুমকি চীনের ৩৮৪ মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারীকে বিপাকে ফেলে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, গুগুল এরই মধ্যে তাদের চীনের অফিস গুটানোর সিদ্ধান্ত নিয়েছে। গুগুল অবশ্য দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছে, মধ্য ডিসেম্বরের সাইবার আক্রমণ হওয়ার পর এখনও তারা আভ্যন্তরীণ নেটওয়ার্ক স্ক্যান করে দেখছে। আগামী কয়েক সপ্তাহে তারা চীন সরকারের সঙ্গে আলোচনা করবে বলেও জানিয়েছে। চীনও গুগুলের কার্যক্রম বন্ধের হুমকি লাঘব করার চেষ্টা নিয়ে বলেছে, এ সমস্যা সমাধানের অনেক পথ আছে। তবে তারা জোর দিয়ে বলেছে, গুগুলসহ সব বিদেশি কোম্পানিকেই চীনের আইন মানতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮১৩ ঘ.