বাগদাদ, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১৯৮৮ সালে বিষাক্ত গ্যাস দিয়ে প্রায় ৫ হাজার কুর্দিকে হত্যার দায়ে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জ্ঞাতি ভাই আলী হাসান আল-মাজেদ ওরফে 'কেমিক্যাল আলী'কে ৪র্থ দফায় মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
তার ফাঁসির রায় হয়েছে বলে রোববার জানিয়েছেন আদালতের এক কর্মকর্তা।
বিষাক্ত গ্যাস হামলা চালানোর জন্য 'কেমিক্যাল আলী' উপাধি পাওয়া মজিদ এর আগে অন্যান্য আরও মামলায় মৃত্যুদণ্ড পেয়েছেন।
আদালত একইসঙ্গে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সুলতান হাশেমকে ১৫ বছরের কারাদণ্ড দেয় কুর্দি শহর হালাবজায় আক্রমণ চালানোর জন্য।
২০০৩ সালের আগস্টে মার্কিন বাহিনী ইরাক দখল করে সাদ্দাম সরকারের পতন ঘটানোর পাঁচ মাস পর কেমিক্যাল আলী ধরা পড়েন।
কুর্দিদের বিরুদ্ধে সেনা অভিযান চালানোর দায়ে ২০০৭ সালেও মৃণ্ডদণ্ডাদেশ পান কেমিক্যাল আলী।
এরপর ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের পর শিয়া বিদ্রোহ দমাতে নির্বিচারে হত্যার দায়েও তাকে ২০০৮ সালে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। ১৯৯৯ সালে শিয়া মুসলিমদের উচ্ছেদ ও হত্যারর ঘটনায় জড়িত থাকার জন্যও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬১৬ ঘ.
bdnews24