২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতির জন্য ৫৫ কোটি ডলার সাহায্য চাইবে জাতিসংঘ

ভূমিকম্প বিধ্বস্ত হাইতির জন্য প্রায় ৫৫ কোটি ডলার জরুরি সাহায্যের আবেদন জানাবে জাতিসংঘ। জাতিসংঘের মুখপাত্র কোরিন মোমাল-ভানিয়ান শুক্রবার জেনেভায় একথা বলেছেন। (ভিডিওসহ দেখুন)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2010, 02:12 PM

Updated : 24 Aug 2022, 06:11 PM

জেনেভা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর/রয়টার্স)---- ভূমিকম্প বিধ্বস্ত হাইতির জন্য প্রায় ৫৫ কোটি ডলার জরুরি সাহায্যের আবেদন জানাবে জাতিসংঘ। জাতিসংঘের মুখপাত্র কোরিন মোমাল-ভানিয়ান শুক্রবার জেনেভায় একথা বলেছেন। এক সংবাদ ব্রিফিংয়ে ভানিয়ান বলেন, "জাতিসংঘ শুক্রবার নিউ ইয়র্কে প্রায় ৫৫ কোটি ডলার সাহায্যের আবেদন জানাবে।" হাইতির ভূমিকম্পে বেঁচে যাওয়াদের জন্য এ জরুরি তহবিল আহ্বান করছে জাতিসংঘ। ওই তহবিলের আওতায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) আগামী মাসে ভূমিকম্প দুর্গত ২০ লাখ মানুষের জন্য খাবারের রেশন দেওয়ার চেষ্টা নেবে। ১৫ জুলাই পর্যন্ত আরও দীর্ঘমেয়াদী কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। হাইতিতে গত মঙ্গলবারের ভয়াবহ ভূমিকম্পের পর এখনও খোলা আকাশের নীচে সাহায্যের আশায় মরিয়া হয়ে আছে হাজার হাজার মানুষ। ত্রাণের হাহাকার থেকে তাদের মধ্যে ক্ষোভ সঞ্চার হচ্ছে। মানবিক ত্রাণ সমন্বয় বিষয়ক জাতিসংঘ কার্যালয়ের (ওসিএইচএ) মুখপাত্র এলিজাবেথ বায়ার্স বলেছেন, হাইতির রাজধানীতে ১৭ টি অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। আরও ৬ টি দল হাইতিতে যাচ্ছে। এর চেয়ে বেশি দল এখন আর প্রয়োজন নেই। তিনি বলেন, "এখনও বেঁচে যাওয়া মানুষের সন্ধান পাওয়া যেতে পারে। আমরা আশা ছাড়িনি। সবসময়ই কাজ চলছে।" মাঠ পর্যায়ে আর হাসপাতলের দরকার না পড়লেও সার্জনসহ চিকিৎসক দল এবং ওষুধ অত্যন্ত প্রয়োজন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪১ ঘ.